নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে তুর্কি ব্যাংকগুলোর লেনদেন!
-
তুর্কি ব্যাংক নোট লিরা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করার অভিযোগে তুরস্কের কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে আমেরিকা বড় রকমের জরিমানা করছে বলে যে খবর বের হয়েছে তা নাকচ করে দিয়েছে তুর্কি ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা।
তুরস্কের 'ব্যাংকিং রিগুলেশন অ্যান্ড সুপারভিশন এজেন্সি' বা বিডিডিকে গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছে, দেশের ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য এসব গল্প তৈরি করা হয়েছে যা নিতান্তই গুজব এবং আমাদের ব্যাংকগুলো নিয়ে যে খবর ছড়ানো হয়েছে তা কোনো তথ্য ও বাস্তবতার ভিত্তিতে তৈরি হয় নি।"
তুরস্কের 'হাবেরতুর্ক' নামে একটি পত্রিকা খবর দিয়েছে যে, ইরানের সঙ্গে লেনদেনের জন্য দেশের ছয়টি ব্যাংক বড় রকমের মার্কিন জরিমানার মুখে পড়তে পারে। পত্রিকাটি এ খবর পরিবেশনের জন্য দেশের ব্যাংকব্যবস্থার সঙ্গে জড়িত কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে সূত্র হিসেবে উল্লেখ করেছে।
পত্রিকাটি বলেছে, তুরস্কের যেসব ব্যাংক জরিমানার মুখে পড়বে তার মধ্যে শুধু একটি ব্যাংককেই ৫০০ কোটি ডলার জরিমানা দিতে হবে তবে অন্য ব্যাংকগুলোর জরিমানার পরিমাণ কম হবে। কিন্তু বিডিডিকে'র প্রধান মেহমেত আলী আকবেন ব্লুমবার্গ নিউজকে বলেছেন, তুরস্কের ব্যাংকগুলো কোনো রকমের তদন্তের অধীনে নেই এবং এ পর্যন্ত এ নিয়ে আমেরিকা থেকে কোনো তথ্যও আসে নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২