পিশমার্গা বাহিনীর কাছে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ইরাকি সংসদের
-
পিশমার্গার কাছে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
ইরাকের কুর্দি পিশমার্গা বাহিনীর কাছে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় সংসদ। উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে ইরাকি বাহিনীর বিরুদ্ধে হামলায় পিশমার্গা যোদ্ধারা জার্মানির অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠার পর বাগদাদ এ আহ্বান জানাল।
ইরাকের আল-হাদাত টেলিভিশন চ্যানেল আজ (রোববার) জানিয়েছে, পিশমার্গা বাহিনীর কাছে সব ধরনের বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধ করতে সংসদের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক কমিটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।
এদিকে, পিশমার্গার কাছে বিদেশি অস্ত্রের চালান বন্ধের কারণ সম্পর্কে কমিটির প্রধান হাকেম আল-জামেলিকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, পিশমার্গা যোদ্ধাদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধের উদ্দেশ্য হচ্ছে ইরাকি বাহিনীর বিরুদ্ধে তারা যাতে এ ধরনের কোনো অস্ত্র ব্যবহার করতে না পারে।
কুর্দি পিশমার্গা বাহিনী ইরাকি সেনাবাহিনীর বিরুদ্ধে মার্কিন ও জার্মানির অস্ত্র ব্যবহার করছে বলে দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে অভিযোগ করার পর সংসদের পক্ষ এ থেকে আহ্বান এল। গত সপ্তাহে ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক শহর নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।#
পার্সটুডে/বাবুল আখতার/২২