সিরিয়ায় সন্ত্রাসীদের হাত থেকে ৯০ ভাগ ভূমি মুক্ত করা হয়েছে: পুতিন
-
ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় তৎপর তাকফিরি দায়েশসহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থকে শতকরা ৯০ ভাগ ভূমি মুক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদ-বিরোধী এ লড়াইয়ে সাফল্যজনক অবদান রাখার জন্য তিনি রুশ বাহিনীর প্রশংসা করেন।
সিরিয়া লড়াইয়ে জড়িত রুশ সেনাদের ধন্যবাদ জানিয়ে পুতিন বৃহস্পতিবার বলেন, এসব সেনা সামগ্রিক পরিস্থিতি পাল্টে দিয়েছে। পুতিন বলেন, সিরিয়া সরকারের সহায়তায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে পাশাপাশি রাজনৈতিক নিষ্পত্তি ও বেসামরিক সংহতির কাজে গতি এসেছে।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় এ পর্যন্ত চারটি যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা হয়েছে। সিরিয়া সরকার ও বিরোধীদের সঙ্গে বিষয়টি নিয়ে মধ্যস্থতা করেছে ইরান, তুরস্ক ও রাশিয়া।
২০১১ সালে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হলে ইরান দামেস্ক সরকারকে সামরিক পরমার্শ দিয়ে আসছে। অন্যদিকে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। প্রথম দিকে তুরস্ক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিলেও বর্তমানে দেশটি সিরিয়া সমস্যার সমাধানে গঠনমূলক ভূমিকা রাখছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬