দায়েশের বিকল্প হিসেবে কুর্দিদের ব্যবহার করছে আমেরিকা: দামেস্ক
সিরিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা আব্দুল কাদের আযওয়ায সেদেশের উত্তরাঞ্চলে প্রভাব বিস্তারে মার্কিন ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন।
তিনি ইরানের তাসনিম বার্তাসংস্থাকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, আমেরিকা বিচ্ছিন্নতাকামী কুর্দি গেরিলা গোষ্ঠীগুলোকে দায়েশ সন্ত্রাসীদের স্থলাভিষিক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, রাকা প্রদেশ দখল ও আমেরিকার প্রভাব বিস্তারের উদ্দেশ্য হচ্ছে সেখানে তাদের অবস্থানকে জোরদার করা যাতে দরকষাকষিতে সুবিধাজনক অবস্থানে থাকা যায় এবং ওয়াশিংটনের নীতি চাপিয়ে দেয়া যায়।
সিরিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা মানবিক সাহায্য, দেশ পুনর্গঠন ও পুঁজি বিনিয়োগের অজুহাতে তার দেশের ব্যাপারে আমেরিকার প্রভাব বিস্তারের চেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, মার্কিন কর্মকর্তারা সিরিয়ার যুদ্ধ পরিস্থিতির সুযোগে অনুচরদের সহায়তায় সেদেশে তাদের অর্থনৈতিক স্বার্থ ধরে রাখার চেষ্টা করছে। আব্দুল কাদের আযওয়ায বলেন, মার্কিন নেতৃত্বে আন্তর্জাতিক জোট হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে রাকা শহর দখল করলেও ওই শহর পুনর্গঠনের কোনো চিন্তা তাদের নেই।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, আমেরিকা ও তার মিত্রদের হামলায় রাকা শহরের ৯০ শতাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে তারা ওই শহর থকে দায়েশ সন্ত্রাসীদের অন্যত্র চলে যেতেও সহযোগিতা করেছে। #
পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/৩১