সৌদি অনুরোধ নাকচ করে ইরান; তারপরই হারিরির পদত্যাগ
-
আলী আকবর বেলায়েতির সঙ্গে সাদ হারিরির বৈঠক
সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের মুখে নির্যাতিত ইয়েমেনিদের প্রতি সমর্থন বন্ধ করতে রিয়াদের একটি অনুরোধ ইরান প্রত্যাখ্যান করার কারণেই লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেছেন। ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র এ খবর দিয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পররাষ্ট্র উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা এ খবর দিয়েছে। সংস্থাটি আজ (রোববার) জানিয়েছে, সৌদি আরব সফর শেষে হারিরি বৈরুতে ফিরে শুক্রবার বেলায়েতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইয়েমেন সংকটে সৌদি আরবের একটি 'স্বৈরাচারী' বার্তা পৌঁছে দেন।
হারিরি আশা করেছিলেন যে, ইয়েমেনের অভ্যন্তরে সৌদি আরব যে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার বিরোধিতা করা থেকে ইরানকে তিনি বিরত রাখতে পারবেন। কিন্তু তিনি এ ব্যাপারে ইরানের নেতিবাচক বার্তা পান বলে ওই সূত্রটি জানিয়েছে।
হারিরির সঙ্গে বৈঠকে ড. বেলায়েতি বলেছিলেন, "ইয়েমেনের বিরুদ্ধে অর্থনৈতিক এবং চিকিৎসা সংক্রান্ত অপরাধযজ্ঞ বন্ধ করার পাশাপাশি সৌদি আরবের উচিত দেশটির ওপর বিমান হামলা বন্ধ করা। আর এসবের মাধ্যমে ইয়েমেনিদের সঙ্গে সংলাপের পথ তৈরি হতে পারে।"
ওই সূত্র আরো জানিয়েছে, সৌদি আরবের অযৌক্তিক অনুরোধ ইরান প্রত্যাখ্যান করার পরপরই লেবাননের বাইরে থেকে পদত্যাগের ঘোষণা দিতে সাদ হারিরিকে রিয়াদে তলব করা হয়। সূত্রটি বলছে, লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে নিজের পদত্যাগের ঘোষণা দেয়ার সময় সাদ হারিরি সৌদি আরবের নির্দেশিত বক্তব্যই পড়ে শুনিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/৫