দায়েশের হাতে আল-বুকমাল শহরের পতনের খবর প্রত্যাখ্যান করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i48379-দায়েশের_হাতে_আল_বুকমাল_শহরের_পতনের_খবর_প্রত্যাখ্যান_করল_রাশিয়া
সিরিয়ার আল-বুকমাল শহর থেকে দেশটির সেনাবাহিনী পশ্চাদপসরণ করেছে বলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ও কিছু আরব সূত্র যে দাবি করেছে তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর সেনা কমান্ড বলেছে, আল-বুকমাল শহর সিরিয়ার সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৩, ২০১৭ ০৩:০৬ Asia/Dhaka
  • বৃহস্পতিবার আল-বুকমাল শহরে সিরিয়ার পতাকা ওড়ায় দেশটির সেনাবাহিনী
    বৃহস্পতিবার আল-বুকমাল শহরে সিরিয়ার পতাকা ওড়ায় দেশটির সেনাবাহিনী

সিরিয়ার আল-বুকমাল শহর থেকে দেশটির সেনাবাহিনী পশ্চাদপসরণ করেছে বলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ও কিছু আরব সূত্র যে দাবি করেছে তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর সেনা কমান্ড বলেছে, আল-বুকমাল শহর সিরিয়ার সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

গত সপ্তাহে ইরাকের সীমান্তবর্তী আল-বুকমাল শহর দায়েশের হাত থেকে ছিনিয়ে নেয় সিরিয়ার সেনাবাহিনী।

কিন্তু রোববার দায়েশের পাশাপাশি কিছু আরব সংবাদ মাধ্যম দাবি করে, শহরটি থেকে সিরিয়ার সেনারা পিছু হটে গেছে এবং দায়েশ জঙ্গিরা আবার এটির নিয়ন্ত্রণ নিয়েছে।

রোববার রাতেই সিরিয়ায় মোতায়েন রুশ বাহিনীর সেনা কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দায়েশের পক্ষ থেকে প্রচারিত খবরের কোনো ভিত্তি নেই। জঙ্গিদের মনোবল চাঙ্গা করার জন্য এই মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সিরিয়ার সেনা ও গণবাহিনী আল-বুকমাল শহর সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করে। বর্তমানে এই শহর ও এর আশপাশের এলাকায় পুরোদমে জঙ্গি নির্মূলের কাজ চলছে।

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

এর আগে শুক্রবার সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছিলেন, তার দেশে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে এবং তাদের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। তিনি জঙ্গিদের কাছ থেকে 'আল-বুকমাল' শহর মুক্ত করার ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল প্রতিরোধ সংগ্রামীর বিজয় বলে অভিহিত করেন।

এক লাখ ২০ হাজার জনসংখ্যা অধ্যুষিত শহরটি গত তিন বছর ধরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ দখল করে রেখেছিল। শহরটিকে সিরিয়ায় দায়েশের সর্বশেষ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩