ইরান-বিরোধী জোট করতে আরব দেশগুলোর প্রতি ইসরাইলের আহ্বান
-
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে জোট গঠনের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। তিনি ইসরাইলের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানোর জন্যও আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে নিজের পেইজে লিবারম্যান লিখেছেন- “মধ্যপ্রাচ্যে এখন ইরান-বিরোধী জোট গঠনকরা জরুরি।” মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের প্রশংসা করে তিনি বলেছেন, “আনোয়ার ছিলেন সাহসী নেতা যিনি স্রোতের বিপরীতে অবস্থান নিয়েছিলেন।” বর্তমান আরব নেতাদেরকে আনোয়ার সাদাতের পদাঙ্ক অনুসরণ করা এবং আল-কুদস বা জেরুজালেম সফর করে ইসরাইলের সঙ্গে চুক্তিতে সই করার আহ্বান জানিয়েছেন লিবারম্যান।
ইসরাইলের যুদ্ধমন্ত্রী বলেন, “আনোয়ার সাদাতের ঐতিহাসিক ইসরাইল সফরের ৪০ বছর পর আমি এ অঞ্চলের নেতাদেরকে প্রেসিডেন্ট সাদাতের পথ অনুসরণ করার আহ্বান জানাই, আপনারা জেরুজালেম শহরে আসুন এবং নতুন অধ্যায় রচনা করুন; এ আহ্বান শুধু ইসরাইলের সঙ্গে আরব অঞ্চলের সম্পর্কের জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের জন্য।”
১৯৭৭ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আরব বিশ্ব থেকে সর্বপ্রথম ইসরাইল সফর করেন এবং সে সময়কার ইহুদিবাদী প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি আনোয়ার ইসরাইলের সংসদ ‘নেসেট’ এ বক্তৃতা করেন। এ সফরের পর আরব বিশ্বের নেতারা ক্ষুব্ধ হন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯