এক ডজন আরব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে: ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i49005-এক_ডজন_আরব_দেশের_সঙ্গে_আমাদের_সম্পর্ক_আছে_ইসরাইল
জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন স্বীকার করেছেন, ‘এক ডজন’ আরব দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক রয়েছে। জর্দান ও মিশর ছাড়া অন্য কোনো আরব দেশ যখন তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি তখন একথা জানালেন ইহুদিবাদী রাষ্ট্রদূত।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ২৮, ২০১৭ ০৭:২৩ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন
    জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন

জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন স্বীকার করেছেন, ‘এক ডজন’ আরব দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক রয়েছে। জর্দান ও মিশর ছাড়া অন্য কোনো আরব দেশ যখন তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি তখন একথা জানালেন ইহুদিবাদী রাষ্ট্রদূত।

ড্যানন সোমবার আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের গোপন সম্পর্কের কথা উল্লেখ করে ইসরাইলি নিউজ ওয়েবসাইট ‘ওয়াইনেট’কে বলেন, “তারা এখনো আমাদেরকে স্বীকৃতি না দিলেও আমি একথা বলতে পারি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে।” তিনি আরো বলেন, “এসব আরব ও মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার গুরুত্ব উপলব্ধি করেছে।”

জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী রাষ্ট্রদূত এমন সময় এ তথ্য প্রকাশ করলেন যখন মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর লক্ষ্যে সৌদি আরব ইসরাইলের সঙ্গে গোপন সম্পর্ক স্থাপন করেছে বলে খবর বের হয়েছে।

গত ১৪ নভেম্বর লেবাননের দৈনিক ‘আল-আখবার’ সৌদি যুবজার মোহাম্মাদ বিন সালমানকে লেখা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের একটি গোপন চিঠির বিবরণ প্রকাশ করে। ওই চিঠিতে জনরোষ ফুঁসে ওঠার আশঙ্কা থাকা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা তুলে ধরা হয়।

আদেল আল-জুবায়ের

চিঠির একাংশে বলা হয়, “আমি আপনার কাছে (সৌদি) রাজতন্ত্রের সঙ্গে ইসরাইল রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের পরিকল্পনার খসড়া পেশ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে এ সম্পর্ক স্থাপিত হবে এবং বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আমার আলোচনা হয়েছে। ”

জুবায়ের এমন সময় ইসরাইলকে ‘রাষ্ট্র’ হিসেবে অভিহিত করলেন যখন আরব লীগের অন্য কোনো সদস্য রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই অবৈধ ও দখলদার শক্তিকে স্বীকৃতি দেয়নি।

অবশ্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত প্রকাশ্যে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনার কথা স্বীকার করেননি। তিনি সম্প্রতি মিশরের সিবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে  দাবি করেছেন, “ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কোনো ধরনের সম্পর্ক নেই।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮