রাজধানী দাবি করার মতো ভূমি ইসরাইলের নেই: সামি আবু জোহরি
-
হামাস মুখপাত্র সামি আবু জোহরি
ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র সামি আবু জোহরি বলেছেন: কুদস দখলদারদের কোনো ভূমি ফিলিস্তিনে নেই যে তারা রাজধানী বানাতে জায়গা খুঁজবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন তেলাবিব থেকে জেরুজালেম খ্যাত কুদস শহরে তাদের দূতাবাস স্থানান্তর করবে। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় হামাস মুখপাত্র একথা বলেন।
আবু জোহরি গতকাল এক টুইট বার্তায় বলেন, এবারের সংঘাত সংঘর্ষ কুদস দখলদারদের জন্য কেবল অনুতাপ অনুশোচনাই বয়ে আনবে।
এদিকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও'র নির্বাহী কমিটির সদস্য মোস্তফা আলবারগুসি বলেছেন: কুদস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের চিন্তা দায়িত্বজ্ঞানহীন।
বারগুসি বলেন, এ ধরনের চিন্তা থেকে প্রমাণ হয়ে যায় ওয়াশিংটন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের নীতি নির্ধারেণর ক্ষেত্রে ইহুদিবাদী লবির ব্যাপক প্রভাব রয়েছে।
মার্কিন টিভি চ্যানেল সিএনএনের সঙ্গে আলাপকালে পিএলও'র এই সদস্য আরও বলেন: এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনে গণজাগরণ সৃষ্টি করা ছাড়াও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। কুদস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হলে সমগ্র মুসলিম বিশ্বে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেবে বলেও বারগুসি মন্তব্য করেন।
কোনো কোনো বার্তা সংস্থা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ জেরুজালেম তথা কুদস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিতে পারেন। তেলআবিব থেকে কুদস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করারও ঘোষণা দিতে পারেন বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে।
পার্সটুডে/নাসির মাহমুদ/৬