ট্রাম্পের ঘোষণা সম্পূর্ণভাবে উস্কানি: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i49609-ট্রাম্পের_ঘোষণা_সম্পূর্ণভাবে_উস্কানি_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে যে ঘোষণা দিয়েছেন তা সম্পূর্ণভাবে উসকানিমূলক পদক্ষেপ। ট্রাম্পের ওই ঘোষণার তিনি নিন্দা ও সমালোচনা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৭ ২১:০৬ Asia/Dhaka
  • তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে যে ঘোষণা দিয়েছেন তা সম্পূর্ণভাবে উসকানিমূলক পদক্ষেপ। ট্রাম্পের ওই ঘোষণার তিনি নিন্দা ও সমালোচনা করেন।

আল-কুদস হচ্ছে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং এ শহরের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, কোনো উসকানির মাধ্যমে দখলদারদের অজুহাত সৃষ্টির সুযোগ দেয়া মুসলমানদের উচিত হবে না। তিনি আরো বলেন, আগামী বুধবার ইস্তাম্বুল শহরে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলন থেকে এমন বার্তা দেয়া হবে যার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবেন। ট্রাম্পকে ইঙ্গিত করে এরদোগান বলেন, দেরি হয়ে যাওয়ার আগেই তার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত।

বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর ঘোষণাপত্রে নিজের স্বাক্ষর দেখাচ্ছেন ট্রাম্প

এদিকে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনলাপে তারা বায়তুল মুকাদ্দাস ইস্যু নিয়ে আলোচনা করেন। এসময় দু নেতা একমত হয়েছেন যে, তারা ট্রাম্পকে তার সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাতে একসঙ্গে কাজ করবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯