দেরি হওয়ার আগেই আগ্রাসী নীতি পরিহার করুন: ইসরাইলকে আব্বাস
https://parstoday.ir/bn/news/west_asia-i50697-দেরি_হওয়ার_আগেই_আগ্রাসী_নীতি_পরিহার_করুন_ইসরাইলকে_আব্বাস
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইহুদিবাদী ইসরাইলকে তার আগ্রাসী এবং বর্ণবাদী নীতি পরিহারের আহ্বান জানিয়েছেন। গতকাল ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ'র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ আহ্বান জানান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০১, ২০১৮ ১৩:৩২ Asia/Dhaka
  • ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
    ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইহুদিবাদী ইসরাইলকে তার আগ্রাসী এবং বর্ণবাদী নীতি পরিহারের আহ্বান জানিয়েছেন। গতকাল ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ'র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ আহ্বান জানান।

তিনি বলেন, "আমরা ইসরাইলের বর্ণবাদী তৎপরতা কখনোই মেনে নেব না। তাদের দখলদারিত্ব মানা হবে না। আমাদের জনগণ, ভূখণ্ড এবং পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে ইসরাইল যেভাবে তার আগ্রাসী নীতি চাপিয়ে দিচ্ছে বেশি দেরি হওয়ার আগেই তা পরিহার করার আহ্বান  জানাচ্ছি।" ইসরাইল পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরসহ জর্দান নদীর পশ্চিম তীর জোরপূর্বক দখল করে রেখেছে। কিন্তু পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরকে নিজেদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যত রাজধানী হিসেবেই মনে করে ফিলিস্তিনিরা।

কিন্তু ইসরাইল অবৈধভাবে এসব ভূখণ্ডে বহু ইহুদি বসতি নির্মাণ করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের তৎপরতা বাড়িয়ে দিয়েছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানের সময় তেল আবিরের প্রতি সমর্থন বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি।

পূর্ব বায়তুল মুকাদ্দাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার ঘোষণা দেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১