আমিরাতের বিমানে বাধা দেয়ার অভিযোগ নাকচ করল কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i51409-আমিরাতের_বিমানে_বাধা_দেয়ার_অভিযোগ_নাকচ_করল_কাতার
সংযুক্ত আরব আমিরাতের দুটি যাত্রীবাহী বিমানে বাধা দেয়ার কথা অস্বীকার করেছে প্রতিবেশী কাতার। আমিরাত দাবি করেছে, বাহরাইনে যাওয়ার পথে বিমান দুটিকে বাধা দেয় দোহা। আরব আমিরাত ও কাতারের মধ্যে যখন আকাশসীমা লঙ্ঘন নিয়ে উত্তেজনা বাড়ছে তখন আবুধাবি এ অভিযোগ করল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৮ ২১:৪০ Asia/Dhaka
  • এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান
    এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান

সংযুক্ত আরব আমিরাতের দুটি যাত্রীবাহী বিমানে বাধা দেয়ার কথা অস্বীকার করেছে প্রতিবেশী কাতার। আমিরাত দাবি করেছে, বাহরাইনে যাওয়ার পথে বিমান দুটিকে বাধা দেয় দোহা। আরব আমিরাত ও কাতারের মধ্যে যখন আকাশসীমা লঙ্ঘন নিয়ে উত্তেজনা বাড়ছে তখন আবুধাবি এ অভিযোগ করল।

আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন সোমবার এক বিবৃতিতে অভিযোগ করেছে, “সকালে আমরা জাতীয় বিমান সংস্থার কাছ থেকে বার্তা পেয়েছি যে, মানামাগামী একটি বিমানকে কাতারের যুদ্ধবিমান বাধা দিয়েছে যা আমিরাতের বেসামরিক বিমান চলাচলের জন্য চরম ও মারাত্মক হুমকি। কাতারের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

আরব আমিরাতের যুদ্ধবিমান

আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন এ ঘটনার নিন্দা করে বলেছে, তারা বেসামরিক বিমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। তবে কাতার সরকারের যোগাযোগ অফিসের পরিচালক শেখ সাইফ বিন আহমাদ আলে সানি আমিরাতের এ দাবিকে সম্পূর্ণ অসত্য বলে উড়িয়ে দিয়েছেন। এ নিয়ে তিনি সরকারি টুইটার পেইজে একটি পোস্ট দিয়েছেন। এছাড়া, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুলওয়া আল-খাতেরও এ অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেছেন, “কাতার ঘোষণা করছে যে, আরব আমিরাতের ওই দাবি পুরোপুরি মিথ্যা।”

গত শুক্রবার জাতিসংঘের কাছে দোহা অভিযোগ করেছে যে, ২১ ডিসেম্বর আরব আমিরাতের যুদ্ধবিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছে। এছাড়া, শনিবারও দেশটি বলেছে, গত ৩ জানুয়ারি বাহরাইন যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫