যেকোনো মুহূর্তে গাজায় আগ্রাসন: আল-হায়াত পত্রিকার খবর
-
ইহুদিবাদী ইসরাইলের ট্যাংক বহর
ইহুদিবাদী ইসরাইল যেকোনো মুহূর্তে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর সামরিক আগ্রাসন চালাতে পারে। এ পরিস্থিতিতে সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার জন্য গাজা উপত্যকা প্রস্তুতি নিচ্ছে। লন্ডন থেকে প্রকাশিত আরবি ভাষার পত্রিকা আল-হায়াত এ খবর দিয়েছে।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের মতো ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো হামলার সম্ভাবনা শতকরা ৯৫ ভাগ বলে আাশংকা করছে এবং তারা মনে করছে কয়েক দিন অথবা কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইল এ আগ্রাসন শুরু করতে পারে।
একই ধরনের প্রতিবেদন ইসরাইলের হারেৎজ পত্রিকাতেও ছাপা হয়েছে। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার মনে করছেন ইসরাইলের পরিকল্পিত হামলা খুব নিকটবর্তী। সূত্রটি দাবি করেছেন, তিনি নিজে ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আল-হায়াত পত্রিকা বলছে, হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজা উপত্যকায় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করেছে। এছাড়া, হামাস সদস্যদের ঘর-বাড়ি খালি করা হয়েছে।
তবে হারেৎজ পত্রিকা বলছে, আগামী কয়েক দিনের মধ্যে এ ধরনের সামরিক সংঘাতের আশংকা নেই। শিগগিরি ইসরাইল হামলা শুরু করতে পারে -এমন খবরকে হামাসের প্রচারণা বলে মন্তব্য করেছে পত্রিকাটি। হারেৎজ বলছে, গাজার মারাত্মক মানবিক পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য হামাস এ ধরনের প্রচারণা চালাচ্ছে।
গাজা উপত্যকার ওপর সর্বশেষ ২০১৪ সালের জুলাই মাসে আগ্রাসন চালিয়েছিল ইসরাইল। ওই আগ্রাসনে ২,২০০ ফিলিস্তিনি শহীদ হন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫