আফরিন অভিযান: সামরিক সমন্বয় বাড়াতে পুতিন- এরদোগান মতৈক্য
-
এরদোগান (বামে) ও পুুতিন
সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক অভিযানের বিষয়ে সমন্বয় বাড়াতে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদাগান। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক টেলিফোন সংলাপে পুতিন ও এরদোগান সিরিয়ার ইদলিব এবং আফরিন পরিস্থিতি ও চলমান সংকটসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ক্রেমলিন জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালানোর জন্য সিরিয়ায় মোতায়েন রাশিয়া ও তুরস্কের সেনা এবং স্পেশাল ফোর্সের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে দু নেতা কথা বলেছেন। এছাড়া, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এমন এলাকাগুলোতে পর্যবেক্ষণ ফাঁড়ি প্রতিষ্ঠার কাজ দ্রুত করার বিষয়েও তারা একমত হন।
পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কের কাছের গৌতা এলাকার পরিস্থিতি নিয়েও দু নেতা মতবিনিময় করেন। এছাড়া, সিরিয়া ইস্যুতে রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যে নতুন বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন এরদোগান ও পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তিন দেশের প্রেসিডেন্টের সম্ভাব্য শীর্ষ সম্মেলন নিয়ে কথা হয়েছে তবে কোনো তারিখ চূড়ান্ত করা হয় নি।
গত ২২ নভেম্বের ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের সর্বশেষ বৈঠক হয়েছিল কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে। ২০১৬ সাল থেকে এ তিন দেশ সিরিয়া সংকট সমাধানের জন্য যৌথ প্রচেষ্টা শুরু করেছে। এ প্রচেষ্টায় ইরান ও রাশিয়া সিরিয়ার মিত্র হিসেবে কাজ করছে। অন্যদিকে তুরস্ক কাজ করছে সিরিয়ার সরকার-বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষ হয়ে। তিন দেশের প্রচেষ্টায় কাজাখস্তানের রাজধানী আস্তানায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং এর ফলে সিরিয়ায় চারটি নিরাপদ অঞ্চল গঠন করা সম্ভব হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮