আফরিনে যুদ্ধবিরতি মানব না: তুরস্ক
-
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শনিবার সর্বসম্মতভাবে যে প্রস্তাব পাস করেছে তাকে স্বাগত জানিয়ে তুরস্ক বলেছে, আফরিন অঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর অভিযানের ওপর এ প্রস্তাব কোনো প্রভাব ফেলবে না।
আফরিনে মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুরস্ক এবং তা অব্যাহত রাখার কথা ঘোষণা করেছে আংকারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, “সিরিয়ার মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশেটিতে জরুরি খাদ্য ও পণ্য সরবরাহের সুযোগ করে দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব পাস করেছে তাকে আমরা স্বাগত জানাই। তবে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্যের প্রতি হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসী সংগঠন ওয়াইপিজি’র বিরুদ্ধে লড়াইয়ে আমরা অটল থাকব।”
গত ২০ জানুয়ারি থেকে তুরস্ক কথিত ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ নামে সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে। তুরস্ক মনে করে, ওয়াইপিজি একটি সন্ত্রাসী সংগঠন এবং এদের সঙ্গে তুরস্কের কুর্দি গেরিলা গোষ্ঠী পিকেকে’র সম্পর্ক রয়েছে। তুর্কি অভিযানের বিরুদ্ধে সিরিয়া আপত্তি জানিয়ে আসছে এবং সম্প্রতি আফরিন এলাকায় সরকার অনুগত যোদ্ধা পাঠিয়েছে দামেস্ক।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫