বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার বিরুদ্ধে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ
আমেরিকার দূতাবাস ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেম আল কুদস বা বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ইয়েমেনি জনগণ। ইয়েমেনের রাজধানী সানায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারীরা ইয়েমেন এবং ফিলিস্তিনি পতাকা বহন করে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
আবু হাজার নামে এক বিক্ষোভকারী বলেন, "জেরুজালেম পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অস্ত্র, জীবন এবং রক্ত দিয়ে ফিলিস্তিনিদের পাশে আছি। আমরা কখনোই এ পথ থেকে সরে যাব না।"
আরেক বিক্ষোভকারী আকিল বিন সাবর বলেন, "বায়তুল মুকাদ্দাসে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের নীতিকে আমরা সমস্বরে প্রত্যাখান করছি। আমরা কিছুতেই এটা মেনে নেব না এবং আমরা জানি যে, সৌদি আরবের আলে সৌদি সরকার ইসরাইলের নীতির প্রতি সমর্থন দিচ্ছে। ইসরাইলকে রক্ষা এবং তাদের স্বার্থে পারস্য উপসাগরীয় দেশগুলোও কাজ করছে।"
আন্তর্জাতিক প্রতিবাদ এবং সতর্কবার্তা উপেক্ষা করে গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এছাড়া গত কয়েক যুগের আমেরিকার নীতি লঙ্ঘন করে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার কথা ঘোষণা করেন তিনি। ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। পরে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয় এবং আমেরিকা তাতে ব্যাপকভাবে পরাজিত হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/৫