সিরিয়ায় ইরানের কোনো সামরিক ঘাঁটি নেই: মুয়াল্লেম
https://parstoday.ir/bn/news/west_asia-i58320-সিরিয়ায়_ইরানের_কোনো_সামরিক_ঘাঁটি_নেই_মুয়াল্লেম
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশে ইরানের কোনো সেনা উপস্থিতি নেই এবং কোনো সামরিক ঘাঁটিও নেই। তবে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সহযোগিতা করার জন্য ইরানি সামরিক উপদেষ্টারা রয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০২, ২০১৮ ১৬:৫৫ Asia/Dhaka
  • সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম
    সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশে ইরানের কোনো সেনা উপস্থিতি নেই এবং কোনো সামরিক ঘাঁটিও নেই। তবে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সহযোগিতা করার জন্য ইরানি সামরিক উপদেষ্টারা রয়েছেন।

আজ (শনিবার) রাজধানী দামেস্কে এক সংবাদ ব্রিফিংয়ে মুয়াল্লেম এসব কথা বলেন। ইরানি সামরিক উপদেষ্টাদের উপস্থিতিকে বৈধ উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ার সরকারের আমন্ত্রণে তারা এসেছেন এবং দামেস্কের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইরানের আন্তরিক সহযোগিতার জন্য তিনি তেহরানকে ধন্যবাদ জানান। তিনি জানান, সিরিয়ায় লড়াই শুরুর প্রথম থেকেই ইরান সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সহযোগিতা করে যাচ্ছে।

সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটি রয়েছে- ইহুদিবাদী ইসরাইলের এমন দাবি নাকচ করে ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে তেল আবিব এমন দাবি করছে। সিরিয়ার এ শীর্ষ কূটনীতিক বলেন, তার দেশ একটি সার্বভৌম দেশ এবং যারাই সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে অংশ নিতে ইচ্ছা পোষণ করবে তাদেরকে সিরিয়া সহযোগিতা করবে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২