বাহরাইনের প্রধানমন্ত্রীকে সরাতে চান সৌদি ও আমিরাতি যুবরাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i58648-বাহরাইনের_প্রধানমন্ত্রীকে_সরাতে_চান_সৌদি_ও_আমিরাতি_যুবরাজ
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আলে খলিফাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। খলিফা বিন সালমান হচ্ছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৮ ১০:২২ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান (ডানে) ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান (ডানে) ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আলে খলিফাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। খলিফা বিন সালমান হচ্ছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তি।

যদিও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর বয়ষ্ক নেতারা বাহরাইনের প্রধানমন্ত্রী হিসেবে খলিফা বিন সালমানকে সমর্থন করছেন তবে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ান বাহরাইনের বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরাতে চান। বাহরাইনের ওপর আরো বেশি প্রভাব বিস্তার করে দেশটিকে একেবারে কব্জা করার লক্ষ্য নিয়ে দুই যুবরাজ কাজ করছেন বলে মিডল ইস্ট আইয়ের নতুন এক রিপোর্টে তথ্য বেরিয়ে এসেছে।

বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আলে খলিফা

দুই যুবরাজ বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফাকে সমর্থন দিচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই যুবরাজ রাজাকে ক্ষমতায় রেখে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে চান। কুয়েতের আমিরও তাকে বাহরাইনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত ব্যক্তি বলে মনে করেন। কিন্তু সালমান বিন খলিফার সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পর্ক নেই এবং তাকে কখনো পরোয়া করেন না।

এর আগে লন্ডন থেকে প্রকাশিত আল-কুদ্‌স আল-আরাবি পত্রিকা জানিয়েছিল যে, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা প্রধানমন্ত্রীকে চলতি বছরের শেষ নাগাদ ক্ষমতা থেকে সরিয়ে দিতে চান। লন্ডনে বসবাসরত বাহরাইনের সাংবাদিক আদেল মারজুক নিশ্চিত করেছেন যে, এটি কোনো হাস্যরসের বিষয় নয় বরং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯