‘হুদায়দা উপকূলে যেকোনো আগ্রাসী যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i59010-হুদায়দা_উপকূলে_যেকোনো_আগ্রাসী_যুদ্ধজাহাজ_ডুবিয়ে_দেয়া_হবে’
ইয়েমেনের নৌবাহিনী ও কোস্ট ডিফেন্স কমান্ড হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী হুদায়দার কাছাকাছি এলাকায় সৌদি-নেতৃত্বাধীন বাহিনীর যেকোনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৫, ২০১৮ ০০:২২ Asia/Dhaka
  • হুদায়দা উপকূলে সৌদি যুদ্ধজাহাজ আল-মাদিনা (২০১৭ সালের জানুয়ারি মাসের ছবি)
    হুদায়দা উপকূলে সৌদি যুদ্ধজাহাজ আল-মাদিনা (২০১৭ সালের জানুয়ারি মাসের ছবি)

ইয়েমেনের নৌবাহিনী ও কোস্ট ডিফেন্স কমান্ড হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী হুদায়দার কাছাকাছি এলাকায় সৌদি-নেতৃত্বাধীন বাহিনীর যেকোনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে।

ইয়েমেনের আরবি-ভাষার আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, হুদায়দার উপকূলের কাছাকাছি আসার চেষ্টা করলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যেকোনো আগ্রাসী যুদ্ধজাহাজ ধ্বংস করে দেয়া হবে।

কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার লক্ষ্যে নিজেদের জাতীয় ও ধর্মীয় কর্তব্য পালন করবে। এই কর্তব্য পালনের অংশ হিসেবেই বুধবার সৌদি জোটের ভাড়া করা আরব আমিরাতের একটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেয়া হয়েছে।

ইয়েমেনের আগ্রাসী বাহিনীর পক্ষ থেকে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে নৌবাহিনী সক্ষম বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বেসামরিক জাহাজ আন্তর্জাতিক আইন মেনে যাতায়াত করে বলে তাদের ভীত হওয়ার কোন কারণ নেই। তবে এসব জাহাজ যেন নিজেদের নিরাপত্তার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধজাহাজের সঙ্গে ২০ নটিক্যাল মাইল দূরত্ব বজায় রেখে চলে।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রিত হুদায়দা বন্দর দখল করার জন্য বুধবার সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট এ নগরীর ওপর আগ্রাসন শুরু করেছে।  ওই জোট দাবি করছে, হুথি যোদ্ধারা এই বন্দরের মাধ্যমে সমরাস্ত্র আমদানি করছে; কিন্তু জনপ্রিয় এ যোদ্ধারা ওই দাবি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫