হুদায়দা বন্দরের বিরুদ্ধে আগ্রাসনের তীব্র নিন্দা জানাল ইরান
-
হুদায়দা বন্দরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত একজন হুথি যোদ্ধা (ফাইল ছবি)
ইয়েমেনের বন্দরনগরী হুদায়দার ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত সামরিক জোটের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান একইসঙ্গে বলেছে, হুদায়দা বন্দরসহ ইয়েমেনের চলমান সংকটের সমাধান সামরিক উপায়ে করা সম্ভব নয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ নিন্দা জানিয়ে আরো বলেছেন, লোহিত সাগর তীরবর্তী এ বন্দরনগরীর মানবিক পরিস্থিতি আগে থেকেই খারাপ হয়ে আছে এবং এ আগ্রাসনের ফলে তা আরো বিপর্যস্ত হবে।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রিত হুদায়দা বন্দর দখল করার জন্য বুধবার সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট এ নগরীর ওপর আগ্রাসন শুরু করেছে। ওই জোট দাবি করছে, হুথি যোদ্ধারা এই বন্দরের মাধ্যমে সমরাস্ত্র আমদানি করছে; কিন্তু জনপ্রিয় এ যোদ্ধারা ওই দাবি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন।
হুদায়দায় হামলা চালালে প্রায় আড়াই লাখ লোকের প্রাণহানি ঘটতে পারে বলে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও এ আগ্রাসন শুরু করল সৌদি নেতৃত্বাধীন জোট।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুদায়দার ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আরো বলেছেন, বলপ্রয়োগ করে ইয়েমেন সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে ইয়েমেন সংকট সমাধানের জন্য এতদিন যে চেষ্টা চলছিল হুদায়দা বন্দরের ওপর চলমান আগ্রাসন তা ব্যর্থ করে দেবে।
সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলা সে হামলায় অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে চালানো এ আগ্রাসনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পেরে এবার স্থল অভিযান শুরু করেছে সৌদি জোট। তবে হুথি যোদ্ধারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হুদায়দায় আগ্রাসী শক্তির কবর রচনা করা হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫