ইয়েমেনের হুদায়দায় সৌদি গুপ্তচর চক্রের প্রধান আটক
-
হুদায়দা বন্দর
ইয়েমেনের হুদায়দা অঞ্চলের সৌদি গুপ্তচর চক্রের প্রধানকে আটক করা হয়েছে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সাবা' জানিয়েছে, সৌদি বংশোদ্ভূত তাকফিরি নেতা আব্দুল্লাহ সাতিহ আটক হয়েছে। তিনি ইয়েমেনে আগ্রাসী দেশগুলোর হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পর সেগুলো পাচার এবং আগ্রাসীদের হয়ে যুদ্ধ করার জন্য লোক নিয়োগ দেওয়ার দায়িত্বও পালন করতেন।
আব্দুল্লাহ সাতিহ'র অধীনে অন্তত ৪০ সদস্যের দু'টি গুপ্তচর টিম কাজ করতো বলে ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে। এই টিমে কয়েক জন মারাত্মক ঘাতকও রয়েছেন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করে হত্যাকাণ্ড চালাতেন।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে হুদায়দা বিমান বন্দরের স্বাভাবিক চিত্র ফুটে উঠেছে। এর মধ্যদিয়ে হুদায়দা বিমান বন্দর দখলের দাবির অসারতা আরও স্পষ্ট হয়েছে।
গতকাল সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত আরব জোট দাবি করেছিল, তারা ইয়েমেনের হুদায়দা বিমান বন্দর দখলে নিয়েছে। কিন্তু ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট হুদায়দায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদেরকে তিন দিক থেকে ঘিরে ফেলা হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭