চলতি বছর ইসরাইলি হামলায় ২৫ শিশু ফিলিস্তিনি শহীদ
-
শহীদ ফিলিস্তিনি শিশু
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে চলতি বছরের ছয় মাসে ফিলিস্তিনের অন্তত ২৫টি শিশু শহীদ হয়েছে। এসব শিশু অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় শহীদ হয়। এছাড়া, চলতি বছর ইসরাইলি সেনাদের হাতে মোট ১৩৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
ফিলিস্তিনের ‘ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল’ গতকাল (সোমবার) জানিয়েছে, শুধুমাত্র গাজা উতক্যায় ২১টি শিশুকে হত্যা করেছে ইসরাইলের সেনাবাহিনী। এর মধ্যে গাজা সীমান্তে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনে যোগ দিতে গিয়ে শহীদ হয়েছে ১৮টি শিশু। গত ৩০ মার্চ থেকে এ আন্দোলন শুরু হয়।
মানবাধিকার সংস্থাটি বলছে, ইসরাইলি সেনারা ইচ্ছাকৃতভাবে ২১টি শিশুকে তাজা গুলি ব্যবহারের মাধ্যমে হত্যা করেছে যার মধ্যে ১১ শহীদ হয়েছে মাথায় ও ঘাড়ে গুলি লেগে।
ফিলিস্তিনি শিশুদের হতাকাণ্ডের সঙ্গে জড়িত সেনাদেরকে আটক করার আহ্বান জানিয়েছে ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, যেসব শিশুকে হত্যা করা হয়েছে তারা কোনোভাবেই ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করে নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩