মার্কিন অর্থনৈতিক ক্যু’র কাছে আত্মসমর্পণ করব না: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i63621-মার্কিন_অর্থনৈতিক_ক্যু’র_কাছে_আত্মসমর্পণ_করব_না_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কাছে তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি অভিযোগ করেন, আমেরিকা তুরস্কের বিরুদ্ধে অথনৈতিক ক্যু’ করার ষড়যন্ত্র করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৮ ০৮:১৬ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কাছে তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি অভিযোগ করেন, আমেরিকা তুরস্কের বিরুদ্ধে অথনৈতিক ক্যু’ করার ষড়যন্ত্র করছে।

গতকাল (শনিবার) রাজধানী আংকারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র ৬ষ্ঠ কংগ্রেসে এরদোগান এসব কথা বলেছেন। তিনি বলেন, “আজকে কিছু লোক আমাদেরকে অর্থনীতি, সুদের হার, বৈদেশিক মুদ্রা, বিনিয়োগ এবং মুদ্রাস্ফীতির হুমকি দিচ্ছেন। আমরা তাদেরকে বলেছি যে, আমরা আপনাদের খেলা দেখেছি এবং আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করছি।”

মার্কিন পাদ্রি অ্যান্ড্রু ব্রানসন

সন্ত্রাসী তৎপরতার অভিযোগে তুর্কি সরকার মার্কিন পাদ্রি অ্যান্ড্রু ব্রানসনকে আটক করার পর ন্যাটো মিত্র তুরস্ক ও আমেরিকার মধ্যে নজিরবিহীন টানাপড়েন সৃষ্টি হয় এবং আগস্ট মাসের শুরুর দিকে এর প্রভাব পড়ে তুর্কি অর্থনীতি ওপর। এরইমধ্যে ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার মান শতকরা ৩০ ভাগ কমে গেছে।  

ব্রানসনের বিরুদ্ধে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকেকে গেরিলা ও গুলেন মুভমেন্টের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়েছে। আমেরিকা ব্রানসনের মুক্তি দাবি করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/১৯