ইরানবিরোধী নীতি পরিবর্তন করুন: ট্রাম্পকে ইরাকি নেতা
-
সাইয়্যেদ আম্মার হাকিম
ইরানবিরোধী নীতি পরিবর্তনের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান সাইয়্যেদ আম্মার হাকিম। তিনি আজ (বুধবার) ইরাকের রাজধানী বাগদাদে ঈদের নামাজের খুতবায় এ আহ্বান জানান।
ইরাকের এই প্রভাবশালী রাজনীতিবিদ বলেন, হুমকি ও অবরোধের নীতি মধ্যপ্রাচ্যে কেবল যুদ্ধ ও সহিংসতাকেই উসকে দেবে। তিনি আরও বলেন, ইরান সমস্যা ও জটিলতার সম্মুখীন হলে ইরাক যে এর বাইরে থাকবে তা নয়। ইরাক ও ইরানের ভৌগোলিক ও সাংস্কৃতিক অবস্থান পরস্পরকে শক্ত বন্ধনে আবদ্ধ করেছে বলে তিনি জানান।
আম্মার হাকিম বলেন, "আমরা ইরানসহ বিভিন্ন দেশ ও জাতির বিরুদ্ধে অন্যায় অবরোধের বিরোধী এবং এ ধরনের অবরোধের কারণে ইরাকের জাতীয় স্বার্থ বিনষ্টের সুযোগ দেওয়া হবে না।" আম্মার হাকিম হচ্ছেন ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ আব্দুল আজিজ আল হাকিমের ছেলে। গত সংসদ নির্বাচনেও তার নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ভালো ফল করেছে।
এর আগেও ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও জোট ইরানবিরোধী মার্কিন পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
গত ৮ মে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক সমঝোতা থেকে বেরিয়ে গেছেন এবং ইরানের তেল বিক্রির সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন