ডলারের ওপর নিষেধাজ্ঞা দেব: এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ রাশিয়া ও অন্য দেশগুলোর সঙ্গে ডলার বহির্ভূত ভিন্ন কোনো মুদ্রা দিয়ে লেনদেন করবে। আমেরিকা ‘হিংস্র নেকড়ের মতো’ আচরণ করছে বলেও তিনি মন্তব্য করেন।
কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে গতকাল (রোববার) ব্যবসায়ীদের একটি ফোরামে দেয়া বক্তৃতায় এরদোগান আরো বলেন, “আমেরিকা হিংস্র নেকড়ের মতো আচরণ করছে; কেউ তাকে বিশ্বাস করবেন না।” দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে দুই দেশের নিজস্ব মুদ্রায় লেনদেন করার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
সম্প্রতি তুরস্ক ও রাশিয়া- দু দেশের বিরুদ্ধেই অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আমেরিকা।
এরদোগান আরো বলেন, “ডলারের ব্যবহার আমাদের ক্ষতি করছে। তবে আমরা আত্মসমর্পণ করব না। আমরা বিজয়ী হব।” তুরস্ক ও কিরগিজিস্তানের ব্যবসায়ীদের পাশাপাশি এ ফোরামে উপস্থিত ছিলেন দুই দেশের সরকারি কর্মকর্তারা।
তুরস্কে মার্কিন পাদ্রী অ্যান্ড্রু ব্রানসনকে আটক করার পর আংকারা এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। তবে অনেকে বলছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়ায় তুরস্কের বিরুদ্ধে নানা শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে মার্কিন সরকার।#
পার্সটুডে/এসআইবি/৩