‘ইরানি কনস্যুলেটে হামলাকে ইরাকের ওপর হামলা মনে করছে বাগদাদ’
https://parstoday.ir/bn/news/west_asia-i64202-ইরানি_কনস্যুলেটে_হামলাকে_ইরাকের_ওপর_হামলা_মনে_করছে_বাগদাদ’
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেছেন, সম্প্রতি কিছু ভাড়াটে দুর্বৃত্ত তার দেশের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে ইরানি কনস্যুলেটে যে হামলা চালিয়েছে তাকে ইরাকের ওপর হামলা বলে মনে করছে বাগদাদ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৮ ০৫:০৬ Asia/Dhaka
  • ইব্রাহিম জাফারি
    ইব্রাহিম জাফারি

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেছেন, সম্প্রতি কিছু ভাড়াটে দুর্বৃত্ত তার দেশের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে ইরানি কনস্যুলেটে যে হামলা চালিয়েছে তাকে ইরাকের ওপর হামলা বলে মনে করছে বাগদাদ।

তিনি সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে আরো বলেছেন, কিছু মুষ্টিমেয় লোক ইরানের কনস্যুলেটে যে হামলা চালিয়েছে তার জন্য ইরাকের সরকার বা জনগণকে দায়ী করা ঠিক হবে না। এমনকি যারা নিজেদের অধিকার আদায়ের জন্য গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন তারাও এ কাজ করতে পারে না।

ইব্রাহিম জাফারি বলেন, ইরাকের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি তেহরান-বাগদাদ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু ভাড়াটে গুণ্ডা এ কাজ করেছে।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের সঙ্গে ইরানের ১,২০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এক দেশের স্বার্থ ও সম্মান অন্য দেশের স্বার্থ ও সম্মান সমুন্নত রাখার ওপর নির্ভর করছে।

ইরাকে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, বেকারত্ব এবং পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত কয়েকদিন ধরে বসরা শহরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা এ পর্যন্ত ইরাকের বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে।  কিন্তু শুক্রবার রাতে হঠাৎ করে কিছু দুর্বৃত্ত ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় যদিও হামলায় কনস্যুলেট কর্মীদের কোনো ক্ষতি হয়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইরাকের বসরা শহরে ইরানি কনস্যুলেটে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার হোতাদের চরম শাস্তি দাবি করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১