ইসরাইলের ফাঁকা হুমকিতে প্রতিরোধ আন্দোলন থামবে না: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i64815-ইসরাইলের_ফাঁকা_হুমকিতে_প্রতিরোধ_আন্দোলন_থামবে_না_হামাস
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখা হলে এর পরিণাম ভোগ করতে হবে বলে তেল আবিব যে হুঁশিয়ারি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে সংগঠনটি বলেছে, ফাঁকা হুমকি দিয়ে দখলদারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার স্পৃহা থেকে ফিলিস্তিনিদেরকে বিরত রাখা যাবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৬, ২০১৮ ১২:৪০ Asia/Dhaka
  • ইসরাইলের ফাঁকা হুমকিতে প্রতিরোধ আন্দোলন থামবে না: হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখা হলে এর পরিণাম ভোগ করতে হবে বলে তেল আবিব যে হুঁশিয়ারি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে সংগঠনটি বলেছে, ফাঁকা হুমকি দিয়ে দখলদারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার স্পৃহা থেকে ফিলিস্তিনিদেরকে বিরত রাখা যাবে না।

গতকাল (শুক্রবার) হামাস বলেছে, অধিকৃত ভূখণ্ডে 'জন্মভূমিতে ফিরে আসার গণ বিক্ষোভ' শীর্ষক যে প্রতিবাদ মিছিল চলছে তা নিজেদের ভূমি থেকে বিতাড়িত ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আরো জোরদার করা হবে। গাজা উপত্যকায় বিক্ষোভ অব্যাহত রাখা হলে সেখানে তেল আবিব যুদ্ধ শুরু করবে বলে ইহুদিবাদী ইসরাইরের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান হুমকি দেয়ার পর হামাসের পক্ষ থেকে এসব বক্তব্য এলো।

গত বৃহস্পতিবার যুদ্ধমন্ত্রী লিবারম্যান গাজায় যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে ইসরাইলি সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। তবে হামাস বলেছে, "ফিলিস্তিনি জনগণ ইসরাইলি মন্ত্রীর কোনো হুমকির প্রতি কর্ণপাত করবে না এবং তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রাখবে।."

হামাস আরো বলেছে, "লিবারম্যানের হুমকি অন্তসারশূণ্য এবং তার এসব বাগাড়ম্বর ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকামীতার বিরুদ্ধে কোনো চিড় ধরাতে পারবে না। ফিলিস্তিনিদের জন্ম ভূমিতে ফিরে যাওয়ার আন্দোলন দিন দিন তীব্র থেকে তীব্রতর হবে। তা কোনো হু্মকির দ্বারা প্রভাবিত হবে না।" #

পার্সটুডে/বাবুল আখতার/‌৬