খাশোগি হত্যাকাণ্ডে আটক ১৮ ব্যক্তিকে ফেরত দেয়ার তুরস্কের দাবি প্রত্যাখ্যান!
https://parstoday.ir/bn/news/west_asia-i65346-খাশোগি_হত্যাকাণ্ডে_আটক_১৮_ব্যক্তিকে_ফেরত_দেয়ার_তুরস্কের_দাবি_প্রত্যাখ্যান!
সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবে আটক ১৮ ব্যক্তিকে আঙ্কারার কাছে হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে রিয়াদ। খাশোগির হত্যাকাণ্ডের জেরে সৌদি সরকারের বিরুদ্ধে যখন আর্ন্তজাতিক নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে তখন এ খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৮ ১৪:১২ Asia/Dhaka
  • খাশোগি হত্যাকাণ্ডে আটক ১৮ ব্যক্তিকে ফেরত দেয়ার তুরস্কের দাবি প্রত্যাখ্যান!

সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবে আটক ১৮ ব্যক্তিকে আঙ্কারার কাছে হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে রিয়াদ। খাশোগির হত্যাকাণ্ডের জেরে সৌদি সরকারের বিরুদ্ধে যখন আর্ন্তজাতিক নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে তখন এ খবর এলো।

গতকাল (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান সন্দেহভাজন ১৮ ব্যক্তির বিচারের জন্য তুরস্কের কাছে ফেরত দেয়ার দাবি জানানোর একদিন পর আজ (শনিবার) সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবাইয়ের তা নাকচ করে দেন। বাহরাইনে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা ফোরামে দেয়া বক্তৃতায় জুবাইয়ের বলেন, "১৮ ব্যক্তি সৌদি নাগরিক। তারা সৌদি আরবে আটক রয়েছেন এবং এখন তাদের ব্যাপারে তদন্ত চলছে। তাই সৌদি আরবেই তাদের বিচার হবে।"   

সৌদি আরব বলেছে, "খাশোগির হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পর তারা এসব ব্যক্তিকে আটক করেছে।" এসব ব্যক্তি সাংবাদিক খাশোগিকে ইস্তাম্বুলস্ত সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যার উদ্দেশ্যে সেখানে উড়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।

তুরস্কের বিচারমন্ত্রী আব্দুল হামিদ গুল গতকাল বলেছেন, ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলি আটক ব্যক্তিদের ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন।  তিনি এক বিবৃতিতে বলেন, খাশোগির মামলা সুরাহা করার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ। তাই আমরা সৌদি আরবে আটক ব্যক্তিদের ফেরত চাইছি। পূর্ব পরিকল্পিত হত্যা এবং নির্যাতনের সঙ্গে জড়িত থাকার দায়ে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭