ইয়েমেনে অবিলম্বে যুদ্ধ বিরতি চায় ইউরোপীয় আইন প্রণেতারা
-
সৌদি হামলা পরবর্তী দৃশ্য
ইউরোপের দেশগুলোর আইন প্রণেতারা ইয়েমেনে অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের সংসদে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা বিষয়ক এক সেমিনারে ইউরোপের বিভিন্ন দেশের ৫০ জন আইন প্রণেতা বলেছেন, ইয়েমেন সংকটের সামরিক সমাধান নেই, অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে।
ইউরোপীয় সংসদ সদস্যরা সেমিনার শেষে একটি সনদে সই করেছেন যাতে বলা হয়েছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোটের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। একই সঙ্গে তারা ইয়েমেনে যুদ্ধ বিরতি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি করতে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের সংসদের এই সেমিনারের আগে বিশ্বের ৩৫টি সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, ইয়েমেনের এক কোটি ৪০ লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে।
ইউরোপীয় দেশগুলোর আইন প্রণেতারা সৌদি আগ্রাসন শুরু হওয়ার প্রায় তিন বছর পর সেখানে যুদ্ধ বিরতি বন্ধের জোরালো আহ্বান জানালেন। যদিও এরই মধ্যে সৌদি নেতৃত্বাধীন হামলায় ইয়েমেনে হাজার হাজার মানুষ নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে। এছাড়া দেশটির মৌলিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯