বিশ্বের ৯৫ শতাংশ সেনাবাহিনীকে ছাড়িয়ে গেছে হিজবুল্লাহ: ইসরাইল
-
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তি ন্যাটো জোটভুক্ত সব ইউরোপীয় দেশের ক্ষেপণাস্ত্র শক্তির চেয়েও বেশি বলে স্বীকার করেছে ইহুদিবাদী থিংক ট্যাংক 'জিনসা'। মার্কিন ও ইসরাইলি এই থিংকট্যাংক আরও বলেছে, ক্ষেপণাস্ত্র ও রকেটের দিক থেকে হিজবুল্লাহ'র অবস্থান এখন বিশ্বের ৯৫ শতাংশ সেনাবাহিনীকে ছাড়িয়ে গেছে।
জিনসা'র প্রতিবেদনে আরও বলা হচ্ছে, আগ্রাসনের শিকার হলে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো প্রতিপক্ষের ওপর মারাত্মক আঘাত হানবে। হিজবুল্লাহর কাছে এখন এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারা বলছে, ২০০৬ সালেও হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল মাত্র ১০ হাজার।
মার্কিন ও ইসরাইলি এই থিংকট্যাংকের তথ্য মতে, ইসরাইলের নিয়ন্ত্রণাধীন প্রতি ইঞ্চি ভূখণ্ড এখন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা বিভিন্ন পর্যায়ের। হিজবুল্লাহর ২৫ হাজার সদস্য যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলেও তারা দাবি করেছে।
২০০০ সালে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলকে ইসরাইলের দখলমুক্ত করেছে। দেশরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে জনগণের মাঝে সংগঠনটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১