খাশোগির হত্যাকারীদের তুরস্কের মাটিতেই বিচার করতে হবে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i65863-খাশোগির_হত্যাকারীদের_তুরস্কের_মাটিতেই_বিচার_করতে_হবে_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় ১৫ সদস্যের যে দলটি জড়িত তাদের বিচার অবশ্যই তুরস্কের মাটিতে হতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৮ ১২:০৬ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় ১৫ সদস্যের যে দলটি জড়িত তাদের বিচার অবশ্যই তুরস্কের মাটিতে হতে হবে।

ওই হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরবের সরকারি কৌঁসুলি রিয়াদের তৎপরতা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করার পর এক প্রতিক্রিয়ায় চাভুসওগ্লু এ মন্তব্য করেন। সৌদি কৌঁসুলি খাশোগি হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড দাবি করেছেন।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান (বামে) ও জামাল খাশোগি

এ সম্পর্কে চাভুসওগ্লু বলেন, “সৌদি আরবের দেয়া বিবৃতিকে আমরা ইতিবাচকভাবে দেখছি তবে তা যথেষ্ট নয়।” তিনি বলেন, “সৌদি আরব আমাদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনা শেয়ার করেছে। কিন্তু আমরা আগেই জেনেছি যে, এ হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত এবং খাশোগিকে হত্যার পর টুকরো টুকরো করা হয়। তারা কীভাবে খাশাগিকে হত্যা করবে এবং তার মৃতদেহ নষ্ট করবে তাও পূর্বপরিকল্পিত ছিল। এজন্য বিশেষ কিছু যন্ত্রপাতি আনা হয়েছিল সৌদি কন্স্যুলেট জেনারেলের কার্যালয়ে।”

সৌদি সরকারি কৌঁসুলি গতকাল স্বীকার করেছেন যে, জামাল খাশোগিকে জীবিত ধরে আনার জন্য সৌদি আরব থেকে একটি দল তুরস্কে যায় কিন্তু তারা সেখানে তাকে হত্যার পর লাশ টুকরো টুকরো করেছে। তবে এ ঘটনা সম্পর্কে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান কিছু জানেন না বলে সরকারি কৌঁসুলির মুখপাত্র দাবি করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৬