ইসরাইল বিমানবন্দরে হামলা করলে সিরিয়াও তাই করবে
https://parstoday.ir/bn/news/west_asia-i66620-ইসরাইল_বিমানবন্দরে_হামলা_করলে_সিরিয়াও_তাই_করবে
ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিমানবন্দরে হামলা করলে দামেস্ক সরকারও ইসরাইলের বিমানবন্দরে হামলা চালাবে। ইসরাইল যদি সিরিয়ার ঘাঁটিতে হামলা করে তাহলে সিরিয়াও একই রকমের ব্যবস্থা নেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৩:১৪ Asia/Dhaka
  • সিরিয়ার ক্ষেপণাস্ত্র
    সিরিয়ার ক্ষেপণাস্ত্র

ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিমানবন্দরে হামলা করলে দামেস্ক সরকারও ইসরাইলের বিমানবন্দরে হামলা চালাবে। ইসরাইল যদি সিরিয়ার ঘাঁটিতে হামলা করে তাহলে সিরিয়াও একই রকমের ব্যবস্থা নেবে।

সিরিয়ার উঁচু পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে কুয়েতের আল-রায় পত্রিকা এ খবর দিয়েছে। সম্প্রতি সিরিয়ার আকাশে ইসরাইলি চক্রান্তে রাশিয়ার আইএল-২০ গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর দামেস্ক সরকার এ নীতি নিয়েছে বলে পত্রিকাটি দাবি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার একজন কর্মকর্তা আল-রায়কে জানান, “সুনির্দিষ্ট সামরিক লক্ষ্য বস্তুতে ইসরাইলি হামলার অপেক্ষায় রয়েছে দামেস্ক। এ ধরনের হামলা হলে অনুরূপ পাল্টা জবাব দেয়া হবে। এর অর্থ হচ্ছে ইসরাইল যদি বিমান বন্দরে হামলা চালায় তাহলে সিরিয়াও ইসরাইলের বিমানবন্দরে হামলা চালাবে।  

রাশিয়ার কাছ থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সিরিয়া

সিরিয়ার ওই কর্মকর্তা জানান, ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর বিষয়ে রাশিয়া সবুজ সংকেত দিয়েছে। সিরিয়ার নতুন এই নীতির বিরুদ্ধে ইসরাইল হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তবে আল-রায় পত্রিকার এ খবর সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে নি আবার প্রত্যখ্যানও করে নি।   

সিরিয়ার ওই কর্মকর্তা জানান, “রাশিয়া বলেছে সিরিয়া অথবা ইরানি সেনাদের বিরুদ্ধে হামলা চালানো মানে রুশ সেনাদের ওপরই হামলা যা কোনোভাবেই মেনে নেবে না মস্কো। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই রাশিয়া তার সেনাদেরকে হত্যার সুযোগ দেবে না ইসরাইলকে। তিনি জানান, সিরিয়ার ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস হয়েছে বলে ইসরাইলের দাবি সঠিক নয় বরং মস্কোর কাছ থেকে পাওয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে বাড়তি ক্ষেপণাস্ত্র পেয়েছে দামেস্ক যা দিয়ে ইসরাইলকে মোকাবেলা করা হবে।

রাশিয়ার আইএল-২০ বিমান ধ্বংসের পর গত ২৯ নভেম্বর ইসরাইল প্রথমবারের মতো সিরিয়ার ওপর হামলার চেষ্টা করে। তবে সিরিয়া বলেছে ওই দিনের সমস্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন