সিরিয়ায় পাশ্চাত্যের হস্তক্ষেপ বন্ধে ব্যবস্থা নিন: ইরান ও রাশিয়াকে আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার দেশে পাশ্চাত্যের কয়েকটি দেশের হস্তক্ষেপ বন্ধ করতে ইরান এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ায় যুদ্ধ পরবর্তী সংবিধান প্রণয়নের লক্ষ্যে আলোচনার জন্য যখন দামেস্ক একটি কমিটি গঠনের চেষ্টা করছে তখন বাশার আসাদ এ আহ্বান জানালেন।
গতকাল (রোববার) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা হোসেইন জাবেরি আনসারির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট আসাদ তার দেশের বন্ধুপ্রতিম এবং মিত্র দেশ বিশেষ করে ইরান এবং রাশিয়ার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপুর্ণ হিসেবে আখ্যায়িত করেন।
জাতিসংঘের সমর্থনপুষ্ট সংবিধান বিষয়ক কমিটিতে ৫০ জনকে দামেস্ক সরকার, ৫০ জন বিরোধী পক্ষ এবং ৫০ জন জাতিসংঘের পক্ষ থেকে নির্ধারণ করা হবে। সাত বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে সিরিয়ায় একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নতুন সংবিধান কার্যকরী ভূমিকা পালন করবে। সিরিয়ার সরকার বিরোধী পক্ষ সম্পূর্ণ একটি নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে চাপ সৃষ্টি করছে। অন্যদিকে আলোচনার মাধ্যমে বর্তমান সংবিধানের ভেতরে কিছু পরিবর্তন আনার কথা বলছে দামেস্ক সরকার।
এদিকে, নতুন কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে বলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস ওগ্লু এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভ গত শুক্রবার জানিয়েছেন। এছাড়া, চলতি সপ্তাহে কমিটিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাছাই করা সদস্যদের নাম সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরার কাছে পেশ করা হবে বলে ল্যাভরভ জানিয়েছেন।#
র্সটুডে/বাবুল আখতার/১৭
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন