'গাজায় হামলা অব্যাহত থাকলে ইসরাইলকে চরম পরিণতি ভোগ করতে হবে'
-
হামাসের মুখপাত্র ফাওজি বারহুম
অবরুদ্ধ গাজা উপত্যাকায় ফিলিস্তিনি জনগণের ওপর চলমান দমন-পীড়নের জন্য ইহুদিবাদী ইসরাইলকে অভিযুক্ত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজার অধিবাসীদের ওপর হামলা অব্যাহত রাখা হলে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন তীব্রভাবে জোরদার করা হবে।
হামাসের মুখপাত্র ফাওজি বারহুম আজ রোববার এক বিবৃতিতে বলেছেন, গাজায় ফিলিস্তিনি জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ওপর দমন পীড়ন, তাদেরকে ঠান্ডা মাথায় হত্যার পাশাপাশি হামাসের অবস্থানে বোমা হামলা চালানোর কারণে দখলদার ইহুদিবাদী ইসলাইলকে কঠোর পরিণতি ভোগ করতে।
তিনি আরো বলেন, গাজায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এবং এখানে আগুন নিয়ে খেলা করা হলে ইসরাইল এবং এর জনগণের জন্য নিরাপত্তা দুঃস্বপ্ন হয়ে উঠবে। গতকাল (শনিবার) ইহুদিবাদী জঙ্গিবিমান অবরুদ্ধ গাজার বিভিন্ন অবস্থানে কয়েক দফা হামলা চালানোর পর হামাসের পক্ষ থেকে এ হুঁশিয়ারি বাণী উচ্চারিত হলো। ফিলিস্তিনি মা'ন সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি জঙ্গিবিমান গাজার পূর্ব অংশে হামাসের একটি সামরিক অবস্থানে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন