নিষেধাজ্ঞার ক্ষতি কাটাতে ইরানের পাশে থাকবে ইরাক: প্রেসিডেন্ট সালিহ
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে চাপিয়ে দেয়া একতরফা নিষেধাজ্ঞাকে সমর্থন করবে না। একইসঙ্গে এই নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে ইরানি জনগণকে সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে বাগদাদ।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ইরাক সফরের আগ মুহূর্তে প্রেসিডেন্ট সালিহ এ মন্তব্য করলেন। তিনি রোববার বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ইরাকও ক্ষতিগ্রস্ত হচ্ছে; কিন্তু ইরাক কখনো এই নিষেধাজ্ঞা কার্যকর করার কাজে সহযোগিতা করবে না।
ইরাকের প্রেসিডেন্ট বলেন, “আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ইরানের স্বার্থ রক্ষার ওপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। নিষেধাজ্ঞার ফলে ইরানি জনগণের যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে সম্ভাব্য সবরকম সহযোগিতা আমরা করব।”
প্রেসিডেন্ট সালিহ আরো বলেন, তিনি ইরাককে আঞ্চলিক সহযোগিতা ও সমঝোতার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। কিন্তু প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা চালাতে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ইরাকের সংবিধান সেরকম কোনো অনুমতি দেয়নি বলে দেশটির প্রেসিডেন্ট উল্লেখ করেন।
ইরাকে সাম্প্রতিক বছরগুলোতে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রেসিডেন্ট সালিহ।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আসন্ন বাগদাদ সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে ইরাকের প্রেসিডেন্ট বলেন, দু’দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রেসিডেন্ট রুহানি আজ (সোমবার) আরো পরে একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে বাগদাদ সফরে যাবেন বলে কথা রয়েছে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট রুহানি এই প্রথম ইরাক সফরে যাচ্ছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১