মার্কিন নিষেধাজ্ঞার কোনো রাজনৈতিক প্রভাব নেই: ইরান
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার তার দেশের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কোনো রাজনৈতিক প্রভাব নেই। গতকাল (শনিবার) আল-জাজিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
জারিফ বলেন, একতরফা এ নিষেধাজ্ঞার যেমন আইনগত কার্যকারিতা নেই তেমনি ইরানের ওপর এর রাজনৈতিক কোনো প্রভাবও নেই। মার্কিন সরকারের কর্মকর্তারা যা চাইছেন, এ নিষেধাজ্ঞা দিয়ে তা অর্জিত হবে না।
জারিফ বলেন, ইরান সরকারের নীতি পরিবর্তনের জন্য মার্কিন কর্মকর্তারা ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টি করতে চান। এভাবেই তারা গত ৪০ বছর ধরে চেষ্টা করে এসেছেন। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ প্রবণতা বেড়েছে। কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ওপর তারা কোনো প্রভাব ফেলতে পারেন নি।
জাওয়াদ জারিফ বলেন, মার্কিন সরকারের একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য ইরান ও তার মিত্ররা নানা রকম পথ বের করেছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পথ হলো লেনদেনে মার্কিন ডলার ব্যবহার না করা। এ পথ অনুসরণ করলে ভবিষ্যতে আমেরিকার ওপর বড় রকমের প্রভাব পড়বে।#
পার্সটুডে/এসআইবি/৫