ইরান-আমেরিকা সংকটে ইরাক মধ্যস্থতা করতে পারে: আম্মার হাকিম
https://parstoday.ir/bn/news/west_asia-i70550-ইরান_আমেরিকা_সংকটে_ইরাক_মধ্যস্থতা_করতে_পারে_আম্মার_হাকিম
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যকার সামরিক উত্তেজনার নেতিবাচক পরিণতির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরাকের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী শিয়া আলেম আম্মার আল-হাকিম। তিনি বলেছেন, দু দেশের উত্তেজনা মধ্যপ্রাচ্যের জন্য খারাপ পরিণতি বয়ে আনতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৯ ১৪:০৮ Asia/Dhaka
  • জোয়ে হুডের সঙ্গে বৈঠকে আম্মার হাকিম
    জোয়ে হুডের সঙ্গে বৈঠকে আম্মার হাকিম

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যকার সামরিক উত্তেজনার নেতিবাচক পরিণতির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরাকের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী শিয়া আলেম আম্মার আল-হাকিম। তিনি বলেছেন, দু দেশের উত্তেজনা মধ্যপ্রাচ্যের জন্য খারাপ পরিণতি বয়ে আনতে পারে।

ইরাকে মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স জোয়ে হুডের সঙ্গে গতকাল এক বৈঠকে এসব কথা বলেছেন আম্মার হাকিম। ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনাকে তিনি চিন্তার কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের উত্তেজনা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপদের মুখে ফেলতে পারে।

সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপের বিষয়ে যে সংকেত দেয়া হয়েছে তার প্রশংসা করে আম্মার হাকিম বলেন, ওয়াশিংটনের এ বক্তব্য সঠিক সমাধান পাওয়ার ক্ষেত্রে এবং যুদ্ধ ও অবরোধ থেকে এ অঞ্চলকে দূরে রাখার জন্য একটি সূচনা হতে পারে। আম্মার হাকিম বলেন, ইরান ও আমেরিকার সঙ্গে তার উষ্ণ সম্পর্ক রয়েছে এবং তিনি দু পক্ষকে কাছে আনতে এবং চলমান সংকট দূর করার ক্ষেত্রে মধ্যস্থতা করতে পারেন।

গতকাল ইরাকের সংসদ সদস্য হাসান ফাদাসও বাগদাদ টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান-আমেরিকা উত্তেজনা নিরসনের ক্ষেত্রে তার দেশ মধ্যস্থতা করতে পারে। তিনি বলেন, আমেরিকার সিদ্ধান্তের ওপর ইরাক প্রভাব বিস্তার করার এবং যুদ্ধ ঠেকানোর ক্ষমতা রাখে।#

পার্সটুডে/এসআইবি/২০