সিরিয়ায় ফের ইসরাইলি হামলা: অভ্যন্তরীণ সংকট ধামাচাপা দেয়ার চেষ্টা
https://parstoday.ir/bn/news/west_asia-i70895-সিরিয়ায়_ফের_ইসরাইলি_হামলা_অভ্যন্তরীণ_সংকট_ধামাচাপা_দেয়ার_চেষ্টা
দখলদার ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে আজ ভোরে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০১৯ ১৩:৪৮ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

দখলদার ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে আজ ভোরে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

দখলীকৃত গোলান মালভূমি থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। কিন্তু সিরিয়ার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ইসরাইলী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। এছাড়া, সিরিয়ার একই এলাকায় ইসরাইলের জঙ্গিবিমানের হামলায় তিন ব্যক্তি নিহত এবং সাতজন আহত হয়েছে। সিরিয়ার বিরুদ্ধে নতুন করে হামলার ব্যাখ্যা দিয়ে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, দামেস্ক থেকে গোলান মালভূমিতে রকেট হামলার জবাবে সিরিয়ায় এসব হামলা চালানো হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, গত ৯ এপ্রিল ইসরাইলে অনুষ্ঠিত আগাম পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহু শক্তিশালী প্রতিপক্ষ জেনারেল বেনি গান্তেস ও তার শরীকদের মোকাবেলায় কোনো রকম জিততে পারলেও ৪২দিন অতিক্রান্ত হওয়ার পরও এখনো তিনি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন নি। ফলে নেতানিয়াহু ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট মন্ত্রিসভা গঠনের জন্য অন্য কাউকে দায়িত্ব দিতে পারতেন। কিন্তু সংসদ সদস্যরা পার্লামেন্ট ভেঙে দেয়ার পক্ষে মত দেন যাতে আগামী সেপ্টেম্বর নাগাদ নতুন নির্বাচন পর্যন্ত নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদে বহাল থাকতে পারেন।

ইসরাইলি দৈনিক হারেতজ নতুন মন্ত্রিসভা গঠনে নেতানিয়াহুর ব্যর্থতার কথা উল্লেখ করে লিখেছে, “নেতানিয়াহুর যুগ শেষ এমনকি তিনি নিজেও এ বিষয়ে অবহিত আছেন যে তার বিদায়ের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে।“

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুধু যে মন্ত্রিসভা গঠনে ব্যর্থ হয়েছেন তাই নয়, একদিকে তিনি অভ্যন্তরীণ তীব্র রাজনৈতিক সংকটে জর্জরিত অন্যদিকে বেশ কিছু ইস্যুতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চারটি দুর্নীতির অভিযোগ বিচারাধীন রয়েছে। মন্ত্রিসভা গঠনের পর যাতে এ বিষয়ে রায় দেয়া হয় সেজন্য নেতানিয়াহু ব্যাপক চেষ্টা চালিয়েছেন। বিচারবিভাগও আগামী অক্টোবর পর্যন্ত রায় ঘোষণা স্থগিত রেখেছে যাতে নেতানিয়াহু সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের সময়টা পার করতে পারেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে এখনই ফয়সালা দেয়ার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছেন।

ইসরাইলি দৈনিক হারেতজ লিখেছে, নেতানিয়াহু ও তার মিত্ররা বিচারিক দায়মুক্তি নেয়ার চেষ্টা করছেন। নতুন মন্ত্রিসভা গঠনের পর পার্লামেন্টে এ ব্যাপারে একটি বিল পাস করার কথা ছিল।

এদিকে, বিভিন্ন দেশ থেকে আসা ইহুদি অভিবাসীদের সুযোগ সুবিধা দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর এখন অভিবাসীদের ইসরাইল ত্যাগের হিড়িক পড়েছে। এছাড়া, গত কয়েক সপ্তাহ ধরে মুদ্রাস্ফীতি ও পণ্যের মূল্য বাড়ার প্রতিবাদে ইসরাইলি নাগরিকরা বিক্ষোভ করে আসছে যা নেতানিয়াহুর জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় অভ্যন্তরীণ সংকটকে গুরুত্বহীন দেখানোর জন্য ইসরাইল নতুন করে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকতে পারে বলে অনেকে ধারণা করছেন।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২