সংযুক্ত আরব আমিরাতের অবস্থানে বিরক্ত সৌদি রাজা
-
সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ
সংযুক্ত আরব আমিরাতের বর্তমান অবস্থানে বিশেষ করে ইয়েমেন যুদ্ধের ব্যাপারে আবুধাবির বর্তমান নীতির কারণে চরমভাবে বিরক্ত হয়েছেন সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ।
সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে মতপার্থক্য ব্যাপক হয়েছে। ইয়েমেনের দুটি এবং সৌদি আরবের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল (বুধবার) জানিয়েছে, গত ১১ আগস্ট মক্কা প্রাসাদে ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সঙ্গে এক বৈঠকের সময় সৌদি রাজা সালমান সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে বেশকিছু অস্বাভাবিক মন্তব্য করেছেন।
গত মাসে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে মোতায়েন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য মারাত্মকভাবে প্রকাশ্যে আসে। মুখ রক্ষার জন্য সৌদি আরব ইয়েমেন যুদ্ধ থেকে সরতেও পারছে না আবার মিত্রদের সরে যাওয়াকে ভালোভাবে নিতে পারছে না।
সংযুক্ত আরব আমিরাতের এই পদক্ষেপে রিয়াদ চরমভাবে হতাশ হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। ইয়েমেন যুদ্ধের ব্যাপারে মিত্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের উপর বেশি মাত্রায় নির্ভর করছিল সৌদি আরব। কিন্তু ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের মধ্যদিয়ে সৌদি আরবের সে নির্ভরতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৯