অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিক্ষোভ বন্ধ করুন: ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i74978-অর্থনীতি_ক্ষতিগ্রস্ত_হচ্ছে_বিক্ষোভ_বন্ধ_করুন_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি চলমান বিক্ষোভ অবসানের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় অর্থনীতিকে যেকোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই বিক্ষোভ বন্ধ করা উচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০১৯ ০৯:৫২ Asia/Dhaka
  • ইরাকে চলমান বিক্ষোভ
    ইরাকে চলমান বিক্ষোভ

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি চলমান বিক্ষোভ অবসানের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় অর্থনীতিকে যেকোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই বিক্ষোভ বন্ধ করা উচিত।

প্রধানমন্ত্রী আদিল মাহদি বলেন, বিক্ষোভকারীরা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এবং গত কয়েকদিনের বিক্ষোভে কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে। তিনি বলেন, এখনই বিক্ষোভ বন্ধ করার সময়; স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া উচিত এবং কল-কারখানা, দোকানপাট এবং বাজারগুলোতে স্বাভাবিক পরিস্থিতি আসা জরুরি।

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে যেসব বিনিয়োগকারী ইরাকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে এই বিক্ষোভের কারণে। এছাড়া, ২০২০ সালের জাতীয় বাজেট প্রণয়নের কাজও বিক্ষোভের কারণে বিলম্বিত হয়েছে বলে তিনি জানান।

ইরাকের চলমান বিক্ষোভের কারণে গত বুধবার থেকে দেশের প্রধান বন্দর ওমর কাসর সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৪