গাজা পরিস্থিতি ভয়াবহ; ইসরাইলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i75231-গাজা_পরিস্থিতি_ভয়াবহ_ইসরাইলি_হামলায়_আরও_৮_ফিলিস্তিনি_শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় আরো আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ নিয়ে গত দু দিনে গাজার ১৮ ফিলিস্তিনি শহীদ হলেন যার মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের দুজন শীর্ষ পর্যায়ের কমান্ডার রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৩, ২০১৯ ১৫:২৮ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হামলা
    গাজায় ইসরাইলি হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় আরো আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ নিয়ে গত দু দিনে গাজার ১৮ ফিলিস্তিনি শহীদ হলেন যার মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের দুজন শীর্ষ পর্যায়ের কমান্ডার রয়েছেন।

জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড আজ (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় খালিদ মাবাজ নামে ৩৮ বছর বয়সী আরো একজন কমান্ডার শহীদ হয়েছেন। ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইসরাইলের বিরুদ্ধে রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়ার সময় মাভাজের উপর হামলা চালানো হয়।

এর একদিন আগে ইহুদিবাদী সেনাদের বিমান হামলায় জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবু আল-আতা ও তার স্ত্রীর শহীদ হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের দুদিনের হামলায় ৪৫ জন আহত হয়েছেন যার মধ্যে ২৩টি শিশু রয়েছে।

গাজায় ইসরাইলি হামলা

ইহুদিদের হামলার জবাবে জিহাদ আন্দোলন এ পর্যন্ত গাজা উপত্যকা থেকে ২০০’র বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরাইলের জাতীয় জরুরি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৪৬ জনকে চিকিৎসা দিয়েছে। ইসলামি জিহাদ আন্দোলনের একজন মুখপাত্র ইসরাইলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেল আবিব যুদ্ধ শুরু করলেও যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে থাকবে না এবং চলমান সংঘাতের সম্পূর্ণ দায়-দায়িত্ব ইসরাইলকে বহন করতে হবে।

গাজা থেকে ইসরাইলে রকেট হামলায় 

এদিকে, ইহুদিবাদী ইসরাইল এবং গাজার মধ্যকার সংঘর্ষের পেক্ষাপটে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতির জন্য মিশর প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি, আরব লীগ এবং জর্দান ইসরাইলি হামলার নিন্দা করেছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ইসরাইলি হামলার সমালোচনা করেছে। সংগঠনটি ফিলিস্তিনিদের যেকোনো সংগ্রামের প্রতি নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩