আমেরিকার হাতে ইরানি অস্ত্রবাহী জাহাজ আটকের খবর প্রত্যাখ্যান করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i75717-আমেরিকার_হাতে_ইরানি_অস্ত্রবাহী_জাহাজ_আটকের_খবর_প্রত্যাখ্যান_করল_ইয়েমেন
মার্কিন নৌবাহিনী ইয়েমেনের উদ্দেশ্যে পাঠানো ইরানি অস্ত্রবাহী একটি জাহাজ আটকের যে দাবি করেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইয়েমেন। দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ওই দাবি প্রত্যাখ্যান করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৯ ০৪:৫১ Asia/Dhaka
  • ইয়েমেনের হুদায়দা বন্দর; এটির ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব (ফাইল ছবি)
    ইয়েমেনের হুদায়দা বন্দর; এটির ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব (ফাইল ছবি)

মার্কিন নৌবাহিনী ইয়েমেনের উদ্দেশ্যে পাঠানো ইরানি অস্ত্রবাহী একটি জাহাজ আটকের যে দাবি করেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইয়েমেন। দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ওই দাবি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, সৌদি আরবের দু’টি তেলক্ষেত্রকে ইয়েমেনের ড্রোন হামলা থেকে রক্ষা করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যর্থতা ধামাচাপা দিতে এই মিথ্যাচার করা হচ্ছে।  অন্যকে দোষারোপ করে আমেরিকা নিজের ব্যর্থতার ব্যাপারে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

ইয়েমেনের সেনাবাহিনী গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবেরে বুকাইক ও খুরাইস তেল শোধনাগারে ড্রোন হামলা চালায়। ওই দুই তেল শোধানাগার অত্যাধুনিক মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও ইয়েমেনের ড্রোন হামলা থেকে এগুলোকে রক্ষা করা সম্ভব হয়নি।এর ফলে বহুল আলোচিত মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থার কার্যকারিতা নিয়ে মারাত্মক প্রশ্ন দেখা দেয়।

মার্কিন নৌবাহিনী সম্প্রতি দাবি করেছে, তারা আরব সাগর থেকে ইয়েমেন অভিমুখী একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ আটক করেছে। মার্কিন বাহিনী এমন সময় এ দাবি করল যখন সৌদি আরব ইয়েমেনের ওপর কঠোর অবরোধ আরোপ করে জল, স্থল ও আকাশপথে বহির্বিশ্বের সঙ্গে দেশটির সব ধরনের যোগাযোগ লাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে।এমনকি সৌদি আরব ইয়েমেনে খাদ্য ও ওষুধের মতো মানবিক ত্রাণও পৌঁছাতে দিচ্ছে না।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কয়েকটি দেশ ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন শুরু করে। গত চার বছরেরও বেশি সময় ধরে চালানো এ আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত হওয়া ছাড়াও ইয়েমেনের অর্থনীতি ও অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।