ইরান ছাড়া আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা অর্থহীন: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i76666-ইরান_ছাড়া_আঞ্চলিক_নিরাপত্তা_সহযোগিতা_অর্থহীন_কাতার
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ছাড়া এ অঞ্চলের দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা কোনো অর্থ বহন করে না। গতকাল (রোববার) ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০২০ ১৩:১৪ Asia/Dhaka
  • কাতারের আমির ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে বৈঠক
    কাতারের আমির ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে বৈঠক

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ছাড়া এ অঞ্চলের দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা কোনো অর্থ বহন করে না। গতকাল (রোববার) ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।

শেখ তামিম বলেন, তেহরান এবং দোহা সবসময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে এবং নানা পর্যায়ে সহযোগিতা করে আসছে। তিনি বলেন, চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনা মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না। আঞ্চলিক ঘটনাবলীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং যৌথ বিনিয়োগে শিল্প গড়ে তুলতে শেখ তামিম কাতার ও ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

শেখ তামিম ও হাসান রুহানি

ইরান এবং কাতারের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগকে তিনি বিশেষভাবে উৎসাহিত করেন।

কাতার হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং দেশটিতে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি রয়েছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের সর্বাত্মক অবরোধের সময় ইরান দ্রুত কাতারের পাশে দাঁড়িয়েছিল এবং দেশ দুটির মধ্যে গত কয়েক বছর ধরে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩