সিরিয়ার ইদলিবে সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান: ৩৪ তুর্কি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i77814-সিরিয়ার_ইদলিবে_সেনাবাহিনীর_সন্ত্রাস_বিরোধী_অভিযান_৩৪_তুর্কি_সেনা_নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে তুরস্কের অন্তত ৩৪ সেনা নিহত হয়েছে। কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার ইদলিব প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০৬:৫৬ Asia/Dhaka
  • ইদলিব প্রদেশের আন-নাইরাব এলাকায় তুর্কি সেনাদের মহড়া (২০ ফেব্রুয়ারি ২০২০)
    ইদলিব প্রদেশের আন-নাইরাব এলাকায় তুর্কি সেনাদের মহড়া (২০ ফেব্রুয়ারি ২০২০)

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে তুরস্কের অন্তত ৩৪ সেনা নিহত হয়েছে। কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার ইদলিব প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ৩৪ তুর্কি সেনা নিহত হয়েছে।

ব্রিটেন-ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থা আরো জানিয়েছে, প্রদেশের জাওয়িয়া পাহাড়ের আল-বারা ও বিলিয়োন শহরের মধ্যবর্তী একটি এলাকায় এসব তুর্কি সেনা নিহত হয়।

সিরিয়ার ইদলিব প্রদেশে তিনজন তুর্কি সেনা নিহত হয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টা পর এ খবর দিল সিরিয়ান অবজারভেটরি। এরদোগান ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বৃহস্পতিবার আরো বলেন, “ইদলিব পরিস্থিতি এখন আমাদের অনুকূলে রয়েছে।” তিনি আরো বলেন, ইদলিবে এখনো সংঘর্ষ চলছে এবং বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে আঙ্কারা যোগাযোগ অব্যাহত রেখেছে।

সিরিয়ার ইদলিব প্রদেশে মোতায়েন তুর্কি সেনা (ফাইল ছবি)

এদিকে, তুরস্কের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সিরিয়ার বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত ও আরো বহু সেনা আহত হয়েছে। তবে বিবিসি নিজস্ব সূত্র উদ্ধৃত করে বলেছে, নিহত তুর্কি সেনার সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।

সিরিয়ার সেনাবাহিনী বর্তমানে দেশটির উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের দখলে থাকা সর্বশেষ প্রদেশ ইদলিবে অভিযান চালাচ্ছে। কিন্তু তুরস্ক এ অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আগে থেকে ওই প্রদেশে মোতায়েন নিজের সেনাদের মাধ্যমে গত কয়েক সপ্তাহে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় সন্ত্রাসবাদী তৎপরতার প্রতি সমর্থন প্রদানকারী অন্যতম দেশ ছিল তুরস্ক।বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা দখল করে রেখেছে তুরস্ক। গত তিন বছরে আঙ্কারা বেশ কয়েকবার সিরিয়ার ভূমিতে আগ্রাসন চালিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।