'দায়েশ-পন্থী গ্রুপ পেল রাসায়নিক অস্ত্র, তবে হুমকিতে নেই ইসরাইল!'
ইহুদিবাদী ইসরাইলের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিন তথা ইসরাইল-সংলগ্ন অঞ্চলে সক্রিয় তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী রাসায়নিক অস্ত্র পেয়েছে তবে তারা ইসরাইলের জন্য হুমকি নয়।
ইসরাইলের চ্যানেল-দশ টেলিভিশন এ খবর দিয়ে বলেছে, ইসরাইলি সেনা কর্মকর্তারা এ আশঙ্কা করছেন যে ‘ইয়ারমুক শুহাদা ব্রিগেড’ নামের ওই গোষ্ঠী রাসায়নিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। ইসরাইলের ওই কর্মকর্তারা বলেছে, ওই গ্রুপ এখন ইসরাইলের বিরুদ্ধে কিছু করছে না, গ্রুপটি সিরিয়ায় অন্য কয়েকটি গোষ্ঠীর সঙ্গে ঘরোয়া যুদ্ধে জড়িত রয়েছে। আর তাই তাদের হাতে কোনো রাসায়নিক অস্ত্র আসলেও তা এখনই ইসরাইলের জন্য হুমকি নয়।
দায়েশ তথা আইএসআইএল এ মাসের প্রথম দিকে সিরিয় সরকারি সেনাদের ব্যবহৃত দেউর আজজোর সামরিক বিমানবন্দরে রাসায়নিক হামলা চালিয়েছিল বলে নানা সংবাদসূত্র খবর দিয়েছে।
দায়েশ গত মার্চ মাসে ইরাকের উত্তরাঞ্চলে তাজা নামক গ্রামে বিষাক্ত পদার্থ ব্যবহার করেছে বলে স্থানীয় ইরাকি গভর্নর নাজমুদ্দিন কারিম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন। #
মু. আমির হুসাইন/২৮