ইরান সফরে আসেন নি মুকতাদা আস-সদর: ইরনা
ইরাকের খ্যাতনামা শিয়া নেতা মুকতাদা আস-সাদর অপ্রত্যাশিত সফরে তেহরানে এসেছেন বলে যে খবর প্রচারিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা তা অস্বীকার করেছে।
এ বিষয়ে অবহিত একটি সূত্রের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, মুকতাদা আস-সাদর ইরান সফরে আসেন নি। এ ছাড়া, তার এ জাতীয় সফরে আসার কোনো পরিকল্পনা নেই বলেও খবরে উল্লেখ করা হয়েছে।
কোনো কোনো আরবি সংবাদ মাধ্যম এর আগে দাবি করেছিল, তেহরানগামী ইরান এয়ারে ওঠার জন্য ইরাকের পবিত্র নগরী নাজাফ থেকে রাজধানী বাগদাদে গেছেন সাদর।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবির আনসারি বলেছেন, বিরাজমান মতপার্থক্য দূর করার জন্য ইরাকের সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আয়োজন করতে প্রস্তুত রয়েছে ইরান।
তিনি এ সময়ে ইরাকের সব রাজনৈতিক দলকে ধৈর্য ধারণের এবং রাজনৈতিক সংকট সংলাপ ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির নতুন মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে ইরাকে রাজনৈতিক গোলযোগ চলছে। টেকনোক্র্যাট মন্ত্রিসভাকে আইনপ্রণেতারা অনুমোদন দিক-এ দাবিতে দেশটির সংসদে গত শনিবার বিক্ষোভকারীরা ঢুকে পড়েছিল। রাজধানী বাগদাদের গ্রিন জোনে ইরাকের সংসদ অবস্থিত। এ ছাড়া, বিক্ষোভকারীরা ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সংসদ স্পিকারের পদত্যাগের দাবিও করেছে।#
মূসা রেজা/৩