ইয়েমেনে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: ম্যাকরনকে 'ইসরাইলের পুতুল' বললেন হুথি নেতা
ইয়েমেনের রাজধানী সানাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনকে উপেক্ষা করে নবী (সা.) ও তাঁর আহলেবাইত প্রেমিক ইয়েমেনিরা স্বতঃস্ফূর্তভাবে ঈদে মিলাদুন্নবীর জনসমুদ্রে হাজির হন। বিশাল জনসমাবেশে বক্তব্যে রাখেন ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ নেতা আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি।
তিনি বলেন, মুসলিম জাতিগুলো আজ নানা সমস্যা ও সংকটে জর্জরিত। বিশ্বনবী (সা.)-এর জন্মদিন হতে পারে এসব সংকট মোকাবেলার কেন্দ্রবিন্দু।
আবদুল মালেক আল-হুথি আরও বলেন, নবীজীর আদর্শ ও শিক্ষা থেকে বিচ্যুত হওয়ার কারণেই আমাদের জাতি ও মানবসমাজ বড় বড় সংকটের মুখোমুখি হয়েছে।

ফ্রান্সে বিশ্বনবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইহুদিবাদী ইসরাইলের পুতুল ছাড়া আর কিছু নয়। ইসরাইলই তাকে দিয়ে ইসলাম ও হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা করিয়েছে।
আবদুল মালেক আল-হুথি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইয়েমেনে সৌদি আগ্রাসনে নিন্দা জানান।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে তারা যে সমস্ত লক্ষ্য নিয়ে সামরিক আগ্রাসন শুরু করেছিল তার একটিও অর্জন করতে সক্ষম হয়নি বরং হুথি যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা বর্তমানে শক্তভাবে রুখে দাঁড়িয়েছে। এরইমধ্যে সৌদি আরবের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথি সমর্থিত সেনারা বড় বড় হামলা চালিয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।