সিরিয়া সংকট সমাধানে ইরানের প্রচেষ্টায় জাতিসংঘের ভূয়সী প্রশংসা
https://parstoday.ir/bn/news/west_asia-i84814-সিরিয়া_সংকট_সমাধানে_ইরানের_প্রচেষ্টায়_জাতিসংঘের_ভূয়সী_প্রশংসা
পশ্চিম এশিয়াসহ সারা বিশ্ব যখন করো না পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ত তখন ইরান এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
নভেম্বর ২২, ২০২০ ১৩:০৬ Asia/Dhaka

পশ্চিম এশিয়াসহ সারা বিশ্ব যখন করো না পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ত তখন ইরান এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারি আলি আজগার এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি গিয়ার পেডেরসান তেহরানে এক বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং দেশটির নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর ব্যাপারে মতবিনিময় করেছেন।

সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মস্কো সফর শেষ করে তেহরানে এসেছেন। ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানে প্রচেষ্টা চালানোর জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেছেন। দু'পক্ষই সিরিয়ার ইদলিবের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সমঝোতা প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে ওই এলাকায় শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন। জাতিসংঘের এই কর্মকর্তা এমন সময় সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে এলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট তৈরি ও বিভেদ সৃষ্টির লক্ষ্য নিয়ে এ অঞ্চলের দেশগুলো সফরে এসেছেন।

অতীত অভিজ্ঞতায় দেখা গেছে মার্কিন সরকার সিরিয়া সংকট সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে এবং তারাই এ অঞ্চলে বিপদজনক দায়েশ বা আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছে। কিন্তু এর বিপরীতে ইরান, রাশিয়া ও তুরস্ক সম্মিলিতভাবে সিরিয়া সংকটের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেয়ার জন্য মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এই তিন দেশ। ইরানের রাজনৈতিক বিশ্লেষক ওয়াফিক ইব্রাহিম বলেছেন, মার্কিন সরকার গত প্রায় এক দশক ধরে সিরিয়ার সরকার উৎখাতের জন্য নিজেরা সামরিক অভিযান চালিয়ে এবং সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েও ব্যর্থ হয়েছে এবং সিরিয়ার ব্যাপারে তাদের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেছে।

সিরিয়ায় সংঘাত অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান-রাশিয়া ও তুরস্কের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা ছিল অনেক গুরুত্বপূর্ণ। আঞ্চলিক দেশগুলোর সহায়তায় রাজনৈতিক উপায়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। এ কারণে যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে উঠে সিরিয়া এখন রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে যা ওই দেশের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক।

সিরিয়া বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারি সিরিয়ার শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পাশ্চাত্যের কয়েকটি দেশ অংশগ্রহণ না করায় এর সমালোচনা করে বলেছেন পাশ্চাত্যের দেশগুলো সব সময় মানবিকতার কথা বলে। অথচ তারা সিরিয়ার শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বর্জন করেছে। এ অবস্থায় সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূতের ইরান সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২২