আমেরিকাকে জবাব দেয়ার অধিকার আছে: হুথি আন্দোলন
-
হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ফাইল ফটো
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, আমেরিকা যদি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে তাহলে মার্কিন এই পদক্ষেপের জবাব দেয়ার অধিকার তাদের আছে। হুথি বলেছে, তারা পাল্টা ব্যবস্থা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যা দেবে।
হুথি আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মোহাম্মাদ আলী আল-হুথি বলেন, “আমেরিকা হচ্ছে সমস্ত সন্ত্রাসবাদের উৎস। ট্রাম্প প্রশাসনের নীতি ও কাজকর্ম সন্ত্রাসবাদী। আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হলে আমরাও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার রাখি।”
গতকাল (রোববার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ট্রাম্প প্রশাসন শিগগিরি ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করবে। তিনি জানান, হুথি আন্দোলনের তিন নেতা আবদুল মালিক আল-হুথি, আবদুল খালিক বদরুদ্দিন আল হুথি এবং আবদুল্লাহ ইয়াহিয়া আল-হাকিমকে আন্তর্জাতিক বিশেষ সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয়া হবে।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের হুথি আন্দোলনকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে দেশটির ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এই আগ্রাসনে আমেরিকা সব রকমের সাহায্য দিচ্ছে। হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী ঘোষণা করার সিদ্ধান্তের ভেতর দিয়ে এই যুদ্ধে আমেরিকার জড়িত থাকার প্রমাণ পরিষ্কার হতে যাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১১