ইরাকে রাজনৈতিক সংকট অবসানের চেষ্টা: হস্তক্ষেপ করবে না বদর সংগঠন
https://parstoday.ir/bn/news/west_asia-i9031-ইরাকে_রাজনৈতিক_সংকট_অবসানের_চেষ্টা_হস্তক্ষেপ_করবে_না_বদর_সংগঠন
ইরাকে রাজনৈতিক সংকট চলতে থাকলেও দেশটির কর্মকর্তারা সন্ত্রাসীদের মোকাবেলার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রশাসক নিচরাওয়ান বারজানি দায়েশ সন্ত্রাসীদের কবল থেকে মসুল শহর মুক্ত করার জন্য সরকার ও কুর্দিস্তানের যৌথ অভিযানের কথা জানান। তিনি গতকাল ইতালির প্রতিরক্ষামন্ত্রী রবার্তো পেনোতির সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, মসুলে দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সবার মধ্যে সমন্বয়ের প্রয়োজন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০১৬ ১৪:১৭ Asia/Dhaka

ইরাকে রাজনৈতিক সংকট চলতে থাকলেও দেশটির কর্মকর্তারা সন্ত্রাসীদের মোকাবেলার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রশাসক নিচরাওয়ান বারজানি দায়েশ সন্ত্রাসীদের কবল থেকে মসুল শহর মুক্ত করার জন্য সরকার ও কুর্দিস্তানের যৌথ অভিযানের কথা জানান। তিনি গতকাল ইতালির প্রতিরক্ষামন্ত্রী রবার্তো পেনোতির সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, মসুলে দায়েশ সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সবার মধ্যে সমন্বয়ের প্রয়োজন।

ইতালির প্রতিরক্ষামন্ত্রীও সন্ত্রাসীদের মোকাবেলায় ইরাকের কুর্দিস্তান প্রশাসনকে সামরিক সহায়তা দেয়ার কথা উল্লেখ করে বলেছেন, দায়েশ বিরোধী আন্তর্জাতিক জোট ও ইরাকি সেনাবাহিনীর সঙ্গে কুর্দি পিশমার্গা বাহিনীর সহযোগিতার মাধ্যমে মসুল শহর মুক্ত করা সম্ভব হবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী এর আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির সঙ্গে সাক্ষাতে দায়েশ সন্ত্রাসীদের মোকাবেলা করা এবং বিরাজমান নানা হুমকি মোকাবেলার উপায় নিয়ে কথাবার্তা বলেছেন।

এদিকে, ইরাকের সংসদ স্পিকার সালিম আজ জাবুরিও সম্প্রতি দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য কুর্দিস্তান এলাকা সফর করেছেন। তিনি সংসদের অধিবেশনে যোগ দিতে কুর্দি প্রতিনিধিদের রাজি করানোর জন্য সেখানে যান। ইরাকের সংসদ স্পিকার সংসদ অধিবেশনে কুর্দি প্রতিনিধিদের উপস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে বলেছেন, যে কোনো সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা সবার ওপর হামলা হিসেবে ধরা হবে এবং নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংসদ সদস্যদের দাবির প্রতিও সমর্থন জানায় ইরাক সরকার।

ইরাকের সংসদ স্পিকার আরো বলেছেন, বর্তমানে তার দেশে রাজনৈতিক সংকট চলা ছাড়াও আরো দুটি সংকট মোকাবেলা করতে হচ্ছে। একটি হচ্ছে সন্ত্রাসবাদ সমস্যা অন্যদিকে রয়েছে অর্থনৈতিক সংকট। এ অবস্থায় বিরাজমান সংকট সমাধানের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা জরুরি। ইরাকে রাজনৈতিক সংকট চলার পটভূমিতে দেশটির কর্মকর্তারা সমাধানে পৌঁছার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে ইরাকি পার্লামেন্ট অধিবেশন পিছিয়ে দেয়া হয়েছে। অন্তত অর্ধেক সংখ্যক সংসদ সদস্যের অনুপস্থিতির কারণে অধিবেশন পিছিয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। পার্লামেন্ট স্পিকার গতকালের অধিবেশনে অংশ নেয়ার জন্য বিভিন্ন দলের সদস্যদের রাজি করানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন। যদিও এর আগে তিনি বলেছিলেন, সোমবার থেকে সংসদ অধিবেশন ফের শুরু হচ্ছে।

টেকনোক্র্যাট মন্ত্রীসভা গঠনের প্রতিবাদ জানিয়ে একদল বিক্ষোভকারী জোর করে পার্লামেন্ট ভবনের গ্রিন জোনে প্রবেশ করায় এর প্রতিবাদে গত ৩০ এপ্রিল থেকে সংসদ কার্যক্রম বন্ধ রয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র সাআদ আল হাদিসে অবশ্য বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি ভারসাম্যমূলক মন্ত্রীসভা গঠনের জন্য প্রধানমন্ত্রী প্রস্তুত রয়েছেন। প্রধানমন্ত্রী তার প্রস্তাবিত মন্ত্রীদের যোগ্যতা যাচাইয়ের জন্য সংসদ অধিবেশন শুরুর অপেক্ষায় আছেন।

এদিকে, ইরাকের বদর সংগঠনের প্রধান হাদি আল অমেরি বলেছেন, শুধুমাত্র সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্যই তারা গণবাহিনী গঠন করেছে। তিনি বলেছেন, রাজনৈতিক সংকট চললেও গণবাহিনী রাজনৈতিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না এবং তারা কেবল সন্ত্রাসীদের মোকাবেলা করে যাবে। তিনি ইরাকে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সংস্কারের ক্ষেত্রে আর্থ-রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ অন্যান্য দিক বিবেচনা করা দরকার। #

মোঃ রেজওয়ান হোসেন/১১